দেশদ্রোহের বিচারের মুখে মুশাররফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সোমবার বলেছেন, সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফকে দেশদ্রোহের মামলার বিচারের মুখে দাঁড়াতে হবে।
সংবিধানের ৬ আর্র্টিকেলের আওতায় এ বিচারের জন্য নওয়াজ সুপ্রিম কোর্টের কাছে লিখিত অনুরোধ জানানোর স্পষ্ট ইঙ্গিত দেন।
স্বেচ্ছা নির্বাসন থেকে নির্বাচনে অংশ নিতে এ বছরের শুরুর দিকে পাকিস্তানে ফেরা মুশাররফ সম্প্রতি গৃহবন্দি।
শরীফ বলেন, “তিনি যে দোষ করেছেন তা তাকে আদালতের সামনে স্বীকার করতে হবে”।
১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে শরীফকে উৎখাতের পর মুশাররফ তার শাসনামলে নানা অপকর্মের জন্য একাধিক মামলা লড়ছেন।
নওয়াজ বলেন, মুশাররফ সংবিধান লঙ্ঘন করে দেশদ্রোহিতা করেছেন। আইনের আওতায় তার বিচার হওয়া উচিত।
১৯৯৯ সালে নির্বাচিত সরকারকে উৎখাত করা এবং বিচারকদেরকে বরখাস্ত করে জেলে পাঠিয়ে মুশাররফ দুইবার সংবিধান লঙ্ঘন করেছেন বলে পার্লামেন্টে জানান শরীফ।
পাকিস্তানের এটর্নি জেনারেল মুনির এ মালিক সুপ্রিম কোর্টকে মুশাররফের বিরুদ্ধে সরকারের দেশদ্রোহের মামলা করার অভিপ্রায়ের কথা উল্লেখ করে এ বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান।
এ বিচারে দোষী সাব্যস্ত হলে মুশাররফের মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
