২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বন্যায় ৫ হাজারেরও বেশি নিহতের শঙ্কা

ভারতের উত্তরাখন্ড, হিমাচল ও উত্তরপ্রদেশ রাজ্যে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা অন্ততপক্ষে ৫ হাজার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্য সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী যশপাল আর্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলকাতা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 06:06 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

আকাশপথে জরিপ শেষে জলিগ্রান্ট বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “ভয়াবহ বন্যায় অন্ততপক্ষে ৫ হাজার মানুষ নিশ্চিতভাবেই মারা গেছে। বিস্তীর্ণ ভূমি বিশেষ করে কেদারনাথ উপত্যকায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে।”

আনুমাণিক সংখ্যা বা আশঙ্কার কথা বললেও তিনি নির্দিষ্ট কোনো পরিসংখ্যান উল্লেখ করেননি।
যশপাল জানান, উপদ্রুত অঞ্চল থেকে সব মৃতদেহ ভূমিধসের মাটি ও অন্যান্য জঞ্জাল সরিয়ে উদ্ধার করতে সময় লাগবে।

এর আগে শুক্রবার সরকারিভাবে মৃতের সংখ্যা ৬৮০ জানানো হলেও মুখ্যমন্ত্রী বিজয় বাওগুনা মৃতের সংখ্যা হাজার ছাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন।

জানা গেছে, মন্দিরের শহর কেদারনাথ উপত্যকা থেকে রোববার আটকেপড়া সব তীর্থযাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এই অঞ্চলেই বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এই দূর্যোগকে ‘হিমালয়ের সুনামি’ আখ্যা দেয়া হয়েছে।

তবে বৃষ্টির জন্য উদ্ধারকারীরা উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছে। তারা জানিয়েছে, অপর একটি মন্দিরের শহর বদ্রিনাথ এবং হারসিল ও গৌরিকুণ্ডে এখনো হাজারো তীর্থযাত্রী আটকে রয়েছেন।

বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী এই সংখ্যা ২ হাজারেরও বেশি।

দূর্যোগপূর্ণ আবওহায়ার কারণে রোববার সাময়িকভাবে আকাশপথে উদ্ধার অভিযান স্থগিত করা হয় বলে এয়ার মার্শাল এসবি দেও জানিয়েছেন।

তিনি আকাশপথে উদ্ধার তৎপরতা সমন্বয় করছেন।

এয়ার কমান্ডার রাজেশ ইসার জানিয়েছেন, গৌরীখণ্ড ও হারসিল এবং অন্যান্য উপদ্রুত অঞ্চল যেখানে এই পর্যন্ত কোনো তৎপরতা চালানো হয়নি সেসব অঞ্চলে এখন আকাশপথে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

তবে উত্তরাখণ্ডের রাজ্য প্রশাসন দক্ষতার সঙ্গে এই দূর্যোগ মোকাবিলা করতে সক্ষম হয়নি বলে সমালোচিত হয়েছে। রাজ্য প্রশাসন জানিয়েছে, বিভিন্ন প্রত্যন্ত ও দূর্গম অঞ্চল থেকে এখনো ৭ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা প্রয়োজন।

এরআগে শুক্রবার ভারতীয় সংবাদপত্রে বিজ্ঞাপন ছাপিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ত্রাণ তহবিলে মুক্ত হস্তে দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার উত্তরাখন্ডের বন্যা উপদ্রুত এলাকাগুলো হেলিকপ্টার নিয়ে ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী সিং ও ক্ষমতাসীন কংগ্রেস দলীয় সভাপতি সোনিয়া গান্ধি। রাজ্যটির জন্য এক হাজার কোটি রুপি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।