২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্নোডেন মস্কোয়, গন্তব্য ইকুয়েডর?

হংকং থেকে মস্কোয় পৌঁছেছেন এডওয়ার্ড স্নোডেন, তবে সেখান থেকে তিনি ইকুয়েডরে পাড়ি দেবেন বলে ধারণা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 09:03 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

পুরনো খবর:

স্নোডেনকে ফেরত চেয়েছে যুক্তরাষ্ট্র

তথ্য ফাঁসকারী যুক্তরাষ্ট্রের সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা রোববার হংকং থেকে একটি বিমানে মস্কো রওনা হন, যাকে দেশে ফেরানোর চেষ্টায় ছিলো ওয়াশিংটন।

স্নোডেন রাতে মস্কো পৌঁছালেও এটি তার ২৪ ঘণ্টার যাত্রাবিরতি বলে ধারণা করা হচ্ছে। রুশ এয়ারলাইন্সের একটি সূত্র জানিয়েছে, ইকুয়েডর কিংবা ভেনিজুয়েলায় যাচ্ছেন যুক্তরাষ্ট্রের এই ফেরারী।

আলোচিত ওয়েবসাইট উইকিলিকস বলছে, স্নোডেন একটি ‘গণতান্ত্রিক দেশে’ যাচ্ছেন। তবে দেশটির নাম উল্লেখ করেনি তারা।

ইকুয়েডর সরকার ইতোমধ্যে জানিয়েছে, স্নোডেন রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তাদের দেশে।

দক্ষিণ আমেরিকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এক টুইটে একথা জানিয়েছেন। এই দেশটির আশ্রয়ে রয়েছে জুলিয়ান অ্যাসাঞ্জও।  

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেসবুক, টুইটার, স্কাইপ ও জিমেইলসহ সাধারণ নাগরিকদের অন্যান্য অনলাইন মাধ্যমের যোগাযোগ তৎপরতা জানতে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর সার্ভারে নজর রাখছে বলে গত মাসে তথ্য ফাঁস করেন স্নোডেন; যিনি এর আগে দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থায় (এনএসএ) কাজ করতেন।

তথ্য ফাঁসের পর থেকেই হংকংয়ে অবস্থান নিয়েছিলেন স্নোডেন।

যুক্তরাষ্ট্র সরকারের রোষ থেকে বাঁচতে মধ্য আমেরিকার কোনো এক দেশে আশ্রয় নিতে তাকে পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁসকারি আরেক ইন্টারনেট বিশেষজ্ঞ অ্যাসাঞ্জ। তিনি যুক্তরাজ্যে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন কয়েক মাস ধরে।

গত ১৪ জুন স্নোডেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ইস্টার্ন ডিসট্রিক্টের একটি আদালতে মামলা হয় বলে শুক্রবার জানা যায়।

তার বিরুদ্ধে সরকারি সম্পদ চুরি এবং গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে যুক্তরাষ্ট্রের আইনে স্নোডেনের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে।

স্নোডেনকে নিয়ে হংকং তথা চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দরকষাকষি চলছিলো।

হংকং এক বিবৃতিতে স্নোডেনের ওই দেশ ছাড়ার কথা জানানোর পাশাপাশি চীনের সরকারি কম্পিউটার নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারির বিষয়েও স্পষ্ট বক্তব্য চেয়েছে।

এর আগে ওবামা প্রশাসনও চীনা হ্যাকারদের মাধ্যমে তার দেশের ওয়েবসাইট আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ তুলেছিলো।

স্নোডেনকে ফেরত না দিলে দুই দেশের কূটনীতিক সম্পর্কে ‘জটিলতার’ সৃষ্টি হতে পারে বলে হংকংকে সতর্ক করে যুক্তরাষ্ট্র।

জবাবে হংকংও জানায়, স্নোডেনকে গ্রেপ্তার করার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে যে অনুরোধ করা হয়েছে তাতে সরবরাহ করা নথিপত্র যথেষ্ট নয়।