কর্মসংস্থানের দাবিতে রোমে বিক্ষোভ
বেকারত্বের হারে নতুন রেকর্ড হওয়ায় কর্মসংস্থানের দাবিতে ইতালির রাজধানী রোমে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
দুই মাস আগে প্রধানমন্ত্রী এনরিকো লেট্টার নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা নেয়ার পর এটাই দেশটিতে সবচেয়ে বড় ধরনের বিক্ষোভ।
শনিবার ইতালির শ্রমিক সংগঠনগুলোর প্রধান তিনটি জোট সিজিআইএল, সিআইএসএল ও ইউআইএল এই বিক্ষোভের ডাক দেয়।
গত এপ্রিলে ইতালিতে বেকারত্বের হার ১২ শতাংশে পৌঁছায়। ২৪ বছরের কম বয়সীদের মধ্যে কর্মহীন মানুষের হার দাঁড়ায় ৪০ শতাংশের উপরে, যা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি।
প্রায় এক লাখ মানুষের সমাবেশে শ্রমিক নেতারা কর্মসংস্থান সৃষ্টির জন্য কার্যকর উদ্যোগ না নেয়ায় প্রধানমন্ত্রী লেট্টার সমালোচনা করেন। জরুরি ভিত্তিতে সংকট নিরসনের ব্যবস্থা নেয়ার দাবি জানান।
সুসানা কামুসো নামের এক নেতা বলেন, “আমরা ধারাবাহিকভাবে এসব প্রতিশ্রুতি মেনে নেব না, যা কোনো পরির্তবনের নির্দেশনা তৈরির সিদ্ধান্তে পরিণত হয় না।”
২০১১ সালের মধ্যভাগ থেকে ইতালির অর্থনীতি মন্দা অবস্থার মধ্যে রয়েছে। কোম্পানিগুলোও অব্যাহতভাবে কর্মী ছাটাই করছে।
