বিক্ষোভ ঠেকাতে আলোচনার ডাক রৌসেফের
ব্রাজিলে চলমান সরকারবিরোধী বিক্ষোভ থামাতে আন্দোলনকারীদের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডিলমা রৌসেফ।
তবে লুটপাট ও সহিংসতা অব্যাহত থাকলে তা ঠেকাতে প্রয়োজনে যে কোনো ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার এক টেলিভিশন ভাষণে রৌসেফ বলেন, “আমরা এ সহিংসতা মেনে নিতে পারি না। এটা ব্রাজিলের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। আইনের মধ্যে থেকে যে কোনো ধরনের সহিংসতা ও ভাংচুর প্রতিহত করতে হবে।”
এ্রর আগে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার দেশজুড়ে ১০ লাখের বেশি মানুষ রাস্তায় নেমে আসে , যা দেশটির গত ২০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ।
ষাটের দশকে সামরিক শাসনের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করে আসা প্রেসিডেন্ট রৌসেফ তার ভাষণে শান্তিপূর্ণভাবে যারা বিক্ষোভে অংশ নিয়েছেন তাদের প্রশংসা করেছেন।
তাদের দাবি-দাওয়া বিবেচনারও আশ্বাস দিয়েছেন তিনি।
রৌসেফ বলেন, এই বিক্ষোভ থেকে জন আকাঙ্ক্ষাকে বিবেচনায় নিয়ে উন্নয়নের দিকে যাত্রার একটি ‘ঐতিহাসিক সুযোগ’ এসেছে ব্রাজিলের সামনে।
তবে বিক্ষোভ যাতে সহিংস না হয় সেদিকে লক্ষ রাখার জন্য সবাইকে সতর্ক করেন তিনি। বৃহস্পতিবার বিক্ষোভ চলাকালে বেশ কয়েকটি শহরে সহিংসতার ঘটনা ঘটে, যাতে দুইজন নিহত এবং বেশ কয়েক জন আহত হয়। এ সময় বেশ কিছু ভবনে ভাংচুর ও দোকানে লুটপাটের ঘটনা ঘটে।
শুক্রবারও রিও ডি জেনেরিও শহরে প্রায় হাজার খানেক মানুষ বিক্ষোভ করেছে। তবে আগের দিনের চেয়ে এদিন পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে এসেছে।
দেশটির অন্যতম বৃহৎ একটি বামপন্থী গোষ্ঠী বলেছে, সহিংসতা ও বিশৃঙ্খলার কারণে আপাতত তারা বিক্ষোভে অংশ নেবে না।
