দক্ষিণ আফ্রিকায় নতুন রাজনৈতিক দল ‘আগাং’
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) এর প্রতিদ্বন্দ্বী একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
সেপেদি ভাষায়ি আগাং শব্দের অর্থ হচ্ছে “নির্মাণ”। নতুন এই রাজনৈতিক দলটি আরও কর্মসংস্থান তৈরি ও নেতাদের জবাবদিহিতার প্রতিশ্রুতি দিয়েছে।
এই দলের নেতা মাম্ফেলা রাম্ফেলে বিশ্ব ব্যাংকের একজন সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং হত্যাকাণ্ডের শিকার বর্ণবাদবিরোধী সক্রিয় কর্মী স্টিভ বিকোর সঙ্গী ছিলেন বলে বিবিসি জানিয়েছে।
অবসরপ্রাপ্ত আর্চবিশপ ডেসমন্ড টুটো শনিবার দলটির উদ্বোধন এর আগে রাজনীতিতে মাম্ফেলা রাম্ফেলের আগমনকে স্বাগত জানান।
জোহানেসবার্গে বিবিসি’র কারেন অ্যালেন বলেন, এএনসি’র বিরুদ্ধে প্রতিনিয়তই সুশাসন এর অভাব এবং আবাসন, পানি ও কর্মসংস্থান এর মতো মৌলিক সেবা প্রদানে ব্যর্থতার অভিযোগ আনা হচ্ছে।
আগাং এর লক্ষ্য হিসেবে তিনি সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা ও অন্যান্য বর্ণবাদবিরোধী নেতাদের নির্মিত গণতান্ত্রিক ভিত্তিকে পুনর্নির্মাণের জন্য দক্ষিণ আফ্রিকার জনগনকে উজ্জীবিত করার কথা ঘোষণা করেন। অনেকেই বিশ্বাস করেন যে ওই নেতাদের সূত্রে পাওয়া অর্জনগুলো এএনসি নষ্ট করছে।
তবে বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার ভোটাররা এএনসি’র প্রতি গভীরভাবে অনুগত।
