কমেকেই এফবিআই পরিচালক পদে মনোনয়ন দিলেন ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আইন বিভাগের সাবেক কর্মকর্তা জেমস কমেকে এফবিআই-এর পরবর্তী প্রধান হিসেবে মনোনয়ন দিয়েছেন।
ওবামার এই মনোনয়ন সিনেটে অনুমোদিত হলে তিনি এফবিআই’র বর্তমান পরিচালক রবার্ট মুয়েলারের স্থলাভিষিক্ত হবেন।
কমের মনোনয়ন ঘোষণার সময় হোয়াইট হাউজে ওবামা তার ভূয়সী প্রশংসা করেন বলে বিবিসি জানিয়েছে। কমের রক্তের মধ্যেই আইনের প্রয়োগ রয়েছে বলে এ সময় মন্তব্য করেন ওবামা।
ওবামা ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার কমেকে নিয়ে কৌতূক করে বলেন, একজন সুউচ্চ মানুষ বিচার ও আইনের পক্ষে দাঁড়িয়েছেন।
শুক্রবার কমের মনোনয়নে ঘোষণার সময় এফবিআই’র বিদায়ী পরিচালক রবার্ট মুয়েলারকে অবিচল নেতৃত্বের অধিকারী বলে আখ্যা দেন। তিনি মুয়েলারের দায়িত্বপালনের প্রশংসা করেন।
জেমস কমের এই মনোনয়ন ঘোষণা শুধুমাত্র সময়ের ব্যাপার ছিল। কেননা বেশ কিছুদিন ধরেই এই প্রভাববিস্তারী পদের জন্য ওবামার পছন্দের তালিকার শীর্ষেই তার নাম উচ্চারিত হচ্ছিল।
অবশেষ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কমেই মনোনয়ন পেলেন।
মনোনয়ন পাওয়া কমে জানিয়েছেন, এফবিআই-এর সঙ্গে পুনর্বার কাজ করার উত্তেজনা প্রকাশের কোনো ভাষা তার নেই।
৫২ বছর বয়সী কমে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরও আগে তিনি নিউইয়র্কের দক্ষিণাঞ্চলীয় জেলার অ্যাটর্নি হিসেবে কাজ করেছেন।
২০০৫ সালে যুক্তরাষ্ট্রের আইন বিভাগ ছেড়ে দেওয়ার পর কমে বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিনের উপদেষ্টা হিসাবে ২০১০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
সর্বসাম্প্রতিক সময়ে কমে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সিনিয়র রিসার্চ স্কলার হিসেবে যোগ দেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য সংস্থায় (টুইন টাওয়ার) সন্ত্রাসী হামলার কিছুদিন আগে এফবিআই-এর দায়িত্ব নেন মুয়েলার। ওই ঘটনার পর মুয়েলার সরে দাঁড়াবেন বলে ধারণা করা হয়েছিল।
কিন্তু এরপর থেকে দীর্ঘ প্রায় ১২ বছর ধরে তিনি সংস্থাটির প্রধান হিসেবে কাজ করে আসছেন।
