২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার যুদ্ধ ছড়িয়ে পড়া নিয়ে ইরাক, লেবাননের সতর্ক বার্তা

সিরিয়ার গৃহযুদ্ধ মধ্যপ্রাচ্যকে ছিন্নভিন্ন করে ফেলছে বলে সতর্ক করেছে প্রতিবেশী ইরাক। আর লেবাননের প্রেসিডেন্ট বৃহস্পতিবার তার দেশের হিজবুল্লাহ গোষ্ঠীকে সিরিয়ার গৃহযুদ্ধ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 21 Jun 2013, 08:20 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

দুই বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত ৯৩ হাজারেও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

এই গৃহযুদ্ধে সিরিয়ার শিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিচ্ছে শিয়া সংখ্যাগরিষ্ঠের রাষ্ট্র ইরান ও বাশারবিরোধী প্রধানত সুন্নি বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে উপসাগরীয় সুন্নি শাসিত দেশগুলো ও পশ্চিমারা।

বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে বিদ্রোহীরা যুদ্ধক্ষেত্রে বেশ কয়েকটি বিপর্যয়ের শিকার হয়েছে। তারা সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশের দখলকৃত এলাকাগুলো ধীরে কিন্তু ধারাবাহিকভাবে অগ্রসরমান আসাদ বাহিনীর কাছে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে।

আসাদ বাহিনী খুব শক্তহাতে পুরো দেশেরই কর্তৃত্ব পুনুরুদ্ধার করার পথে আছে।

শিয়া-সুন্নি যুদ্ধের রূপ নেয়া সিরিয়ার গৃহযুদ্ধের প্রভাবে প্রতিবেশী ইরাক ও লেবাননে দুসম্প্রদায়ের মধ্যে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

বাগদাদে রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে বাগদাদ থেকে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারি বলেন, “সব বিবেচনায়ই সিরিয়ার গৃহযু্দ্ধ এখন একটি আঞ্চলিক যুদ্ধের রূপ নিয়েছে, আর আঞ্চলিক এ সংঘাতে ইরাক সবচেয়ে খারাপ অবস্থায় আছে।”

“নিরপেক্ষ অবস্থান ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা, কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে আছি। এ অবস্থা আমরা কতোদিন ধরে রাখতে পারবো তা নির্ভর করছে সিরিয়ার পরিস্থিতি কি হয় তার ওপর,” বলেন তিনি।

বাগদাদের শিয়া প্র্রভাবাধীন সরকার জানিয়েছে তারা সিরিয়ার গৃহযুদ্ধে কোনো পক্ষকেই সমর্থন দিচ্ছে না, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় তারা। তবে পশ্চিমারা অভিযোগ করছে, ইরানি যোদ্ধাদের আসাদের পক্ষে লড়াইয়ে যোগ দিতে নিজ ভূমি ও আকাশ পথ ব্যবহার করতে দিয়ে সহায়তা করছে ইরাক। অভিযোগ অস্বীকার করেছে বাগদাদ।

ওদিকে, লেবাননি প্রেসিডেন্ট মিশেল সুলেমান তার দেশের শিয়া রাজনৈতিক দল ও গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি সিরিয়ার গৃহযুদ্ধ থেকে গোষ্ঠীটির গেরিলাদের ফিরিতে আনার আহ্বান জানিয়েছে। হিজবুল্লাহর গেরিলাদের সিরিয়ার যুদ্ধে জড়িয়ে পড়া লেবাননের স্থিতিশীলতা নষ্ট করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার লেবাননের আল সাফির সংবাদপত্রে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।