দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ত্রাণ কার্যক্রম ব্যাহত
দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ উত্তরখন্ডে ভয়াবহ বন্যায় দূর্গতদের উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে বৃহস্পতিবার প্রাদেশিক রাজধানী দেরাদুন থেকে কোনো উদ্ধারকারী হেলিকপ্টার উপদ্রুত এলাকায় যেতে পারেনি।
ইতোমধ্যে প্রদেশটিতে ভারী মৌসুমী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম।
প্রদেশটিতে ৬২ হাজারেরও বেশি তীর্থযাত্রী আটকা পড়েছেন।
উত্তরখন্ডের মুখ্যমন্ত্রী বিজয় বাহুগুনা এই বন্যাকে ‘হিমালয়ের সুনামি’ বলে অভিহিত করে ‘ভয়াবহ ক্ষয়ক্ষতির’ আশঙ্কা করছেন বলে জানিয়েছেন।
বন্যার কারণে হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ এবং প্রতিবেশী নেপালেও মৃত্যুর খবর পাওয়া গেছে।
ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা আর ইশের জানিয়েছেন, উদ্ধারকারী পাঁচটি হেলিকপ্টার বৃহস্পতিবার দিনের প্রথম ভাগে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যাত্রা শুরু করে গন্তব্যে না পৌঁছেই দেরাদুনে ফিরে এসেছে।
প্রদেশটিতে প্রবল বন্যার তোড়ে অনেক পাকা ভবন ভেঙ্গে পড়েছে, ভূমিধসের সৃষ্টি হয়েছে। এরফলে অনেক রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। অঞ্চলটিতে ২০টিরও বেশি সেতু ভেঙ্গে পড়েছে।
উত্তরখন্ডের কর্মকর্তা ওম প্রকাশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম দূরদর্শনকে বলেছেন, এই প্রদেশে বন্যার কারণে নিহতের সংখ্যা ১৫০ এ গিয়ে পৌঁছেছে এবং চামোলি ও রুদ্রপ্রায়াগের অনেক গ্রাম এখনো পানিতে নিমজ্জিত।
মুখ্যমন্ত্রী বিজয় বাহুগুনা জানান, বন্যায় নিহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নজিরবিহীন। আর এর পরিমাণ আরো বাড়বে।
জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান জানান, উত্তরখন্ডের বৃষ্টিপাত গত ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ।
ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এই দূর্যোগকে অত্যন্ত ‘পীড়াদায়ক’ অভিহিত করে ১ হাজার কোটি রূপি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন।
ভারতে সাধারণত জুনের শেষভাগ থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত চলে। তবে এবার দুই সপ্তাহ আগেই প্রবল বৃষ্টি নিয়ে হাজির হয়েছে মৌসুমী বায়ু।
