২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল আফগানিস্তান

আফগানিস্তানে ২০১৪ সালের পরও মার্কিন সেনা মোতায়েন থাকবে কিনা তা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা স্থগিত করেছে কাবুল।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Jun 2013, 11:16 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

কাতারের দোহায় তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সরাসরি শান্তি আলোচনার প্রতিবাদেই আফগানিস্তান আলোচনা স্থগিত করেছে বলে জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মুখপাত্র আইমল ফাইজি।

ঊর্ধ্বতন এক আফগান কর্মকর্তা বুধবার রয়টার্সকে বলেন, তালেবানদেরকে সরকারিভাবে যে মর্যাদা দেয়া হচ্ছে তাতেই নাখোশ কারজাই সরকার।

ওদিকে, বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র তালেবানদের কাছ থেকে আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতি আদায় না করায় কারজাই ক্ষুব্ধ হয়েছেন।

কারজাইয়ের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে বেশির ভাগ বিদেশি সেনা প্রত্যাহার হওয়ার পর কত সেনা সেখানে থাকবে সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করছে কাবুল।”

“আফগান শান্তি আলোচনার ক্ষেত্রে মার্কিন সরকার মুখে যা বলছে তার সঙ্গে কাজের অসঙ্গতি থাকায় আফগান সরকার তাদের সঙ্গে আলোচনা বন্ধ করে দিচ্ছে।প্রেসিডেন্ট কারজাই এ বছর শুরু হওয়া দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি সংক্রান্ত আলোচনা (বিএসএ)স্থগিত করে দিয়েছেন,” বলা হয় বিবৃতিতে।

তালেবানরা সদ্যই কাতারের রাজধানী দোহায় তাদের কার্যালয় খুলেছে।যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বৃহস্পতিবার দোহায় তালেবানদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন।

হামিদ কারজাইও একইদিনে প্রতিনিধি পাঠিয়ে কাতারে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা শুরুর ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র এবারই প্রথম তালেবানদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চলেছে। এতে করে ১২ বছরের যুদ্ধের পর আফগানিস্তানে বৈঠকের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার আশা জেগে উঠেছে।
কিন্তু তালেবানরা এখনো আলোচনার দিন নিশ্চিত করে জানায়নি।আর আফগান সরকারের আপত্তি আলোচনায় প্রভাব ফেলবে কিনা সে ব্যাপারেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তাছাড়া, যুক্তরাষ্ট্রের আলোচনা প্রস্তাবের পর কারজাইয়ের প্রস্তাবিত আলোচনাটা এখন হবে কিনা তাও প্রশ্নসাপেক্ষ।

দোহায় কার্যালয় খুলে তালেবানরা আনুষ্ঠানিকভাবে যে পরিচিতি পেয়েছে তা আফগানিস্তানের কাম্য নয় বলে জানিয়েছেন এক আফগান কর্মকর্তা।


মঙ্গলবার কাতারে আনুষ্ঠানিকভাবে তালেবান দপ্তর খোলার পর সেখানে ওড়ানো হয়েছে তালেবান পতাকা এবং “ইসলামি আমিরাত আফগানিস্তান” লোখা ব্যানার।

১৯৯৬ সালে আফগানিস্তানে তালেবান শাসন প্রতিষ্ঠার পর থেকে তা পতনের আগ পর্যন্ত এ নামেই দেশ শাসন করেছে তালেবানরা।কারজাইয়ের মুখপাত্র তালেবান দপ্তরের এ নাম নিয়ে আপত্তি জানান।