২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় জঙ্গিদের হামলায় ৯ স্কুল শিক্ষাথী নিহত

উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সন্দেহভাজন ইসলামি জঙ্গিদের হামলায় অন্ততপক্ষে ৯জন স্কুলছাত্র নিহত হয়েছে। এটি সাম্প্রতিক কালের মধ্যে শিক্ষার্থীদের লক্ষ করে তাদের দ্বিতীয় দফা হামলা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 09:34 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

মাইদুগুরির উপকণ্ঠে আনসারুদ্দিন নামে একটি স্কুলে ইউনিফর্ম পরিহিত ছাত্রদের উপর বন্দুকধারীরা প্রকাশ্যে গুলিবর্ষণ করলে এ হতাহতের ঘটনা ঘটে বলে বিবিসির এক খবরে বলা হয়েছে।

ধারণা করা হচ্ছে বন্দুকধারীরা নাইজেরিয়ার ইসলামি চরমপন্থী দল বোকো হারামের সদস্যরা এই হামলা চালিয়েছে।

বোকো হারাম জানিয়েছে সেনাবাহিনীকে সাহায্য করার অপরাধে অল্প বয়স্ক ছেলেমেয়েদের শাস্তি দেয়ার জন্যই এ হামলা চালানো হয়েছে।

হামলা থেকে বেঁচে যাওয়াদের কয়েকজন বলেন, শহরে নজরদারি দলের উত্থানের প্রতিক্রিয়া হিসেবে তারা এ আক্রমন চালিয়েছে।

নাইজেরিয়া সরকার একটি ইসলামি অভ্যুত্থান ব্যর্থ করার জন্য উত্তর-পূর্ব নাইজেরিয়ায় জরুরি অবস্থা জারি করেছে।

প্রত্যক্ষদর্শী ইব্রাহিম মোহাম্মদ জানান, বন্দুকধারীরা যখন আকস্মিক আক্রমনের মাধ্যমে স্কুলভবনটি দখল করে নেয়, তখন তিনি আনসারুদিন স্কুলের একটি শ্রেণীকক্ষে পরীক্ষা নিচ্ছিলেন।

"আমি পরীক্ষা দিতে থাকা পাঁচ ছাত্রকে ঘটনাস্থলেই নিহত হতে দেখেছি," তিনি বলেন।
"স্কুল প্রাঙ্গনে প্রবেশের সময় বাকী চারজন ছাত্রকে হত্যা করা হয়েছে।"

স্কুলের ইউনিফর্ম পরিহিত নয়টি শিশুর লাশ মাইদুগুরির হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালে কর্মীরা।

বোকো হারাম এর একজন মুখপাত্র স্থানীয় সাংবাদিকদের একটি বার্তা দেন যাতে লেখা আছে, সেনাবাহিনীকে সাহায্য করায় শাস্তি দিতেই তারা অল্প বয়সী শিক্ষার্থীদের ওপর এ হামলা চালিয়েছে।