২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে দাফনানুষ্ঠানে বোমায় এমপিসহ নিহত ২৮

পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশের মারদানের কাছে এক দাফনানুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় মঙ্গলবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এর প্রাদেশিক আইনপ্রণেতা ইমরান খান মোহমান্দসহ নিহত হয়েছে অন্তত ২৮ জন।আহত হয়েছে অন্তত ৫৭ জন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 02:44 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

খাইবার পাখতুনখার তথ্য ও স্বাস্থ্যমন্ত্রী শওতক ইউসুফজাইয়ের বরাত দিয়ে ‘দ্য ডন’ এ খবর দিয়েছে।

পাকিস্তানে গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে খান মোহমান্দ প্রাদেশিক পিকে-২৭ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।খাইবার পাখতুনখায় এ মাসে মোহমান্দকে নিয়ে মোট দুজন পিটিআই আইনপ্রণেতা নিহত হল।৩ জুনে এ প্রদেশেরই হাঙ্গু এলাকায় পিটিআই এর আরেক আইনপ্রণেতা ফরিদ খানকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা।

মারদান শহর থেকে ২০ কিলোমিটার দূরে শেরগড়ে সোমবার গুলিতে নিহত আবদুল্লাহ নামে একজনের দাফনানুষ্ঠান চলছিল বলে জানিয়েছে পুলিশ।মোহমান্দ তাতে অংশ নেন। তবে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কিনা তা পরিস্কার জানা যায়নি।

নামাজে জানাযা চলার সময় সময় বোমা বিস্ফোরণ ঘটে।এটি আত্মঘাতী হামলা বলে নিশ্চিত করেন মারদান পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জাফর খান।হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।