‘নতুন বসতি নির্মাণ স্থগিত করেছে ইসরায়েল’
ইসরায়েল পশ্চিম তীর ও জেরুজালেমের ইহুদি বসতিতে প্রায় সব নতুন বসতবাড়ি নির্মাণ স্থগিত করেছে বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির আবাসন মন্ত্রী ইউরি এরিয়েল।ফিলিস্তিন-ইসরায়েল শান্তি আলোচনা পুনরায় শুরু করানোর যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় সহায়তা করতে ইসরায়েল এ পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।
পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়তে চায় ফিলিস্তিনিরা।আরে একারণে সেখানকার মাটিতে ইসরায়েলের ইহুদি বসতি স্থাপনের ইস্যুটি মার্কিন মধ্যস্থতায় দুপক্ষের মধ্যকার শান্তি আলোচনা ভেস্তে দিয়েছে।
ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের কথা উল্লেখ করে সেনা বেতারে এরিয়েল বলেন, আমি জেরুজালেমের প্রকৃত পরিস্থিতি জানিয়ে বলছি, এ বছরের শুরু থেকে এ অঞ্চলে একটি ছাড়া নতুন বসতবাড়ি নির্মাণের জন্য আর কোনো টেন্ডার দেয়া হয়নি।একই ঘটনা ঘটেছে জুদেয়া এবং সামারিয়া বসতিতেও।
তবে এ পদক্ষেপ সাময়িকভাবে নেয়া হয়েছে বলে ধারণা প্রকাশ করেন এরিয়েল।ওদিকে, ফিলিস্তিন এরিয়েলের মন্তব্য প্রত্যাখ্যান করেছে।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন(পিএলও)এক বিবৃতিতে বলেছে, “যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে সন্তুষ্ট করতে ইসরায়েল এ ধরনের বিবৃতি দেয়।আসলে বসতি নির্মাণ বন্ধ হয়নি।নেতানিয়াহু সরকারের অধীনে এ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং বিরামহীনভাবে চলছে।”
ইসরায়েলি কর্মকর্তারা গত সপ্তাহে পশ্চিম তীরের বসতিতে ১ হাজার নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা নিয়ে আগানোর কথা জানিয়েছিলেন।
কিন্তু এ কাজ এখনো শুরুর পর্যায়ে পৌঁছেনি বলে জানা গেলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বসতবাড়ি নির্মাণকাজ শুরুর পরিকল্পনা বাদ দেয়া হয়েছে বলে জনসম্মুখে নিশ্চিত করে জানাননি।তবে গত সপ্তাহে নেতানিয়াহু বসতি নির্মাণ সীমিত রাখার আভাস দিয়েছিলেন।
