আফগানিস্তানে শান্তি আলোচনা ঘোষণা, নিরাপত্তাভার হস্তান্তর
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই কাতারে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা শুরুর ঘোষণা দিয়েছেন।এ লক্ষ্যে তিনি একটি প্রতিনিধিদল কাতারে পাঠাবেন বলে মঙ্গলবার জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো বাহিনী আফগানিস্তানে ১২ বছরের যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে আফগান বাহিনীর কাছে শেষ দফায় নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের সময়টিতেই কারজাই এ ঘোষণা দিলেন।
মার্কিন আগ্রাসনে ২০০১ সালে তালেবান শাসন উৎখাতের পর নেটো এই প্রথম গোটা দেশের নিরাপত্তাভার আফগানদের কাছে হস্তান্তর করেছে।
কাবুলে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেন, “বুধবার থেকে আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী সব নিরাপত্তা কর্মকান্ড পরিচালনা করবে”।
তিনি এ দিনটিকে ঐতিহাসিক দিন এবং ব্যক্তিগত দিক থেকে গৌরবময় মুহূর্ত বলে অভিহিত করেন।
পর্যবেক্ষকরা বলছেন, আফগানিস্তানের সামরিক বাহিনীর সবচেয়ে ভাল সেনারা এ দায়িত্বভার নিতে সক্ষম। তবে এ ব্যাপারে কারো কারো সক্ষমতার বিষয়টি নিয়ে সংশয় আছে অনেক দিন থেকেই।
মঙ্গলবারের ওই অনুষ্ঠানে আফগানিস্তানের নেটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক সহযোগিতা বাহিনী (আইএসএএফ) ২০১১ সালে শুরু হওয়া নিরাপত্তাভার হস্তান্তর প্রক্রিয়ার আওতায় দেশটির সর্বশেষ ৯৫ টি অঞ্চলের বিশেষত, পাকিস্তানের সীমান্তবর্তী পূর্ব ও দক্ষিণ-পূর্ব প্রদেশগুলোর নিয়ন্ত্রণ আফগানদের হাতে ছেড়ে দিয়েছে।
এর মধ্যে রয়েছে কান্দাহার, হেলমান্দ, পাকটিকা, পাকতিয়া, খোস্ত, নানগরহার, কুনার লেঘমান, লোগার এবং নুরিস্তান।পাকিস্তান সীমান্ত বরাবর এ সমস্ত অঞ্চলের প্রত্যেকটিতেই তালেবানরা সক্রিয় ।
তালেবানরা বরাবরই কারজাই সরকারকে যুক্তরাষ্ট্রের হাতের পুতুল আখ্যা দিয়ে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
কিন্তু মঙ্গলবার কারজাই তাদের সঙ্গে আলোচনার জন্য কাতারে প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়ে বলেছেন, “"আফগানিস্তানের উচ্চ শান্তি পরিষদ তালিবানদের সঙ্গে শান্তি আলোচনা করার জন্য কাতারে যাবে,"।২০১০ সালের শেষে গঠিত হয় এ পরিষদ।
কারজাই বলেন, “আশা করি আমাদের তালেবান ভাইরাও বুঝবেন যে এ প্রক্রিয়া আমাদের দেশে খুব শিগগিরই এগিয়ে যাবে,"।
তবে তালেবানদের কাছ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।নেটো বাহিনীর আফগানিস্তানের নিরাপত্তাভার হস্তান্তর অনুষ্ঠানের পর কারজাই শান্তি আলোচনার ঘোষণা দেন।
আফগানিস্তানে ২০১৪ সালের শেষ নাগাদ অবস্থান করবে বিদেশি সেনারা।তারা প্রয়োজনে সামরিক সহায়তা দেবে ।
কাবুলের পশ্চিমাঞ্চলে আত্মঘাতী বোমা হামলার কিছু সময় পরই ওই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়।হামলায় ‘আফগানিস্তান ইন্ডিপেনডেন্ট হিউম্যান রাইটস কমিশন’ এর তিন কর্মচারি নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়।
হামলাকারী বিশিষ্ট রাজনীতিবিদ এবং হাজারা নেতা হাজি মোহাম্মদ মোহাকিকয়ের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।মোহাকিক হামলায় সামান্য আহত হন।
