বিক্ষোভ দমনে সেনাবাহিনী নামাতে পারে তুরস্ক
তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বুলেন্ত এরিক সোমবার রাজধানী আঙ্কারায় বলেছেন, দেশজুড়ে বিক্ষোভ দমাতে প্রয়োজনবোধে সশস্ত্র বাহিনীকে ডাকা হতে পারে।
তার এ কথার মধ্য দিয়ে তুরস্কে চলমান অস্থিরতার মধ্যে এই প্রথম সেনাবাহিনীর হস্তক্ষেপের আশঙ্কা বাড়ল।
ইস্তান্বুলে প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ানের বিরুদ্ধে বিক্ষোভ চলতে থাকার মাঝে শ্রমিক ইউনিয়নগুলোরও শত শত কর্মী সরকার-বিরোধীদের সমর্থনে ধর্মঘট, পদযাত্রা করেছে।
পুলিশ তাদেরকে তাকসিম স্কয়ারে যেতে বাধা দেয়।আঙ্কারায় পুলিশ জলকামান দিয়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।রোববারও ইস্তান্বুলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের থেমে থেমে সংঘর্ষ হয়েছে।
এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বুলেন্ত এরিক সেনাবাহিনী মোতায়েনের কথা বললেন।তুরস্কের রাষ্ট্র-পরিচালিত টিআরটি টিভিতে তিনি বলেন, তুরস্কের পুলিশ, নিরাপত্তা বাহিনী তাদের কর্তব্য করছে।এতে কাজ না হলে শেষ পর্যন্ত সশস্ত্র বাহিনীকে মোতায়েন করা হবে।
ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারের গেজি পার্কের গাছ কেটে সেখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা করেছিল সরকার। সরকারের এ পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ২৮ মে পার্কটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে প্রতিবাদকারীরা। কিন্তু সরকার তাদের দাবি অগ্রাহ্য করলে প্রতিবাদ সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়।
চিকিৎসাকর্মীদের হিসাবমতে, বিক্ষোভ-সহিংসতায় এ পর্যন্ত ৫ হাজার মানুষ আহত হয়েছে এবং নিহত হয়েছে অন্তত ৪ জন।
