২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাসাঞ্জকে আশ্রয় দিয়ে যাবে ইকুয়েডর

লন্ডনে ইকুয়েডরের দূতাবাস সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 01:24 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এর সঙ্গে এক আলোচনার পর ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পাটিনো একথা বলেন। দুই মন্ত্রীর ৪৫ মিনিটের আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে যুক্তরাজ্য।দুপক্ষ কেবল যোগাযোগ চালু রাখা এবং অ্যাসাঞ্জের বিষয়টির কূটনৈতিক সমাধানের উপায় খুঁজতে একটি ওয়ার্কিং গ্রুপ গড়ে তুলতে রাজি হয়েছে। সুইডেনের কাছে হস্তান্তর এড়াতে গত বছর থেকে অ্যাসাঞ্জ লন্ডনে ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন।দোভাষীর মাধ্যমে পাটিনো বলেন, আসাঞ্জ ৫ বছরের জন্য দূতাবাসে থাকতে প্রস্তুত। ইকুয়েডর সরকার আসাঞ্জের রাজনৈতিক আশ্রয় অব্যাহত রাখবে।তার জীবন, মত প্রকাশের স্বাধীনতা সহ সব কিছুই সুরক্ষিত রাখা হবে। “ইকুয়েডর সরকার যে কারণে অ্যাসাঞ্জকে আশ্রয় দিয়েছে তা তারা এখনো যৌক্তিক বলে মনে করে। আর তাই পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না,” বলেন পাটিনো। যুক্তরাষ্ট্রের বহু গোপন নথি ফাঁস করে তোলপাড় সৃষ্টি করা অস্ট্রেলিয়ার এই জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ এনেছে দুই নারী এবং এই অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।কিন্তু অ্যাসাঞ্জ এ অভিযোগ অস্বীকার করেছেন।