২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্তান্বুলে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন

প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ানের ক্ষমতাসীন পার্টির সমাবেশকে সামনে রেখে সরকারবিরোধী বিক্ষোভ ঠেকাতে তুরস্কের বিভিন্ন প্রদেশ থেকে ইস্তন্বুলে মোতায়েন হচ্ছে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 02:41 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

দক্সিণ-পূর্বের দিয়ারবাকির এবং সিরনাক অঞ্চলের মতো দূর দূরান্ত থেকে প্রায় ১ হাজার দাঙ্গা পুলিশ আতাতুর্ক বিমানবন্দরে পৌঁছেছে। সেখান থেকে তারা বাসে করে শহরটিতে যাচ্ছে বলে জানিয়েছে তুরস্কের গণমাধ্যম।

বিমানবন্দরে দায়িত্বরত ৩৫০ জন পুলিশও ইস্তান্বুলের কেন্দ্রস্থলে মোতায়েন হয়েছে বলে জানিয়েছে তুরস্কের দোগান বার্তা সংস্থা।

শনিবার সন্ধ্যায় তাকসিম স্কয়ারে বিক্ষোভ শিবির দাঙ্গা পুলিশ ভেঙে দেয়ার পর থেকে ইস্তান্বুলে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

এরদোয়ানের নীতির বিরুদ্ধে কয়েক সপ্তাহের বিক্ষোভের পর এত পুলিশ ইস্তান্বুলে জড়ো হল।

ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারের গেজি পার্কের গাছ কেঁটে সেখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা করেছিল সরকার। সরকারের এ পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ২৮ মে পার্কটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে প্রতিবাদকারীরা। কিন্তু সরকার তাদের দাবি অগ্রাহ্য করলে প্রতিবাদ সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়।

চিকিৎসাকর্মীদের হিসাবমতে, বিক্ষোভ-সহিংসতায় এ পর্যন্ত ৫ হাজার মানুষ আহত হয়েছে এবং নিহত হয়েছে অন্তত ৪ জন।