পাকিস্তানে জঙ্গী হামলায় নিহত ২১
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জঙ্গিরা ছাত্রী ভর্তি একটি বাসে বোমা হামলা চালিয়েছে ও হামলায় আহতদের যে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানেও হামলা চালিয়েছে। এতে অন্তত ২১ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে।
শনিবার প্রাদেশিক রাজধানী কোয়েটায় এ ঘটনা ঘটে, জানিয়েছেন কর্মকর্তারা।
কোয়েটার স্থানীয় এক মহিলা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাসের ভিতর প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে ১১ ছাত্রী নিহত হন। এই বিস্ফোরণে আহতদের শহরের সবচেয়ে বড় হাসপাতাল বোলান মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করার পর সেখানে আরেকটি বিস্ফোরণ ঘটে।
টেলিভিশন ফুটেজে দেখা যায়, ভয়ার্ত মানুষ হাসপাতাল ভবন ছেড়ে পালাচ্ছে আর স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলিবর্ষণ করা হচ্ছে।
বন্দুকধারীরা হাসপাতালের জরুরী বিভাগের দখল নিয়ে আহতদের ঢাল বানিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই শুরু করে। এখানে বহু রোগী ও হাসপাতাল কর্মী আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
টেলিভিশন ফুটেজে সেনাদের হাসপাতাল ভবনটি ঘিরে রাখতে ও মাথার ওপর হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে।
রোববার শপথ নেওয়া বেলুচিস্তানের নতুন সরকারের মুখপাত্র মোহাম্মেদ বুলাইদি জানিয়েছেন, হাসপাতালের ভিতর বেশ কয়েকজন জঙ্গী আছেন, তারা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।
তিনি বলেন, “আটকে পড়াদের উদ্ধারে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি।”
আন্তঃসাম্প্রদায়িক সহিংসতা কোয়েটার অনেক দিনের সমস্যা। এখানকার শিয়া হাজারা সংখ্যালঘুদের লক্ষ্য করে প্রায়ই প্রাণক্ষয়ী হামলা চালানো হয়।
শহর পুলিশ প্রধান মির জুবায়ের মেহমুদ জানিয়েছেন, বোমা হামলা চালানো বাসের ছাত্রীরা হাজারাসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য ছিল। এদের লক্ষ্য করে সারা বছর ধরে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে।
দ্বিতীয় হামলাটি সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো হয়েছে বলে মনে করেন বুলাইদি।
হাসপাতালে নিহতদের মধ্যে এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, তিনজন নিরাপত্তা কর্মকর্তা ও একজন সেবিকা রয়েছেন বলে জানান তিনি।
শহরটির সেবিকা ফেডারেশন জানিয়েছে, আরো তিনজন সেবিকা ও আহত ছাত্রীদের পরিবারের দুজন সদস্যও নিহত হয়েছেন।
নওয়াজ শরীফের মুসলিম লীগ সরকার পাকিস্তানের ক্ষমতা গ্রহণের পর এটিই দেশটিতে সবেচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা।
