২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ফের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

এবার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের ডোনাল্ডসনভিলে একটি নাইট্রোজেন প্রকল্পে বিস্ফোরণ ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির এক কর্মী নিহত ও অপর সাতজন আহত হয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 Jun 2013, 11:25 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

একদিন আগে মাত্র ১০ মাইল দূরে আরেকটি রাসায়নিক প্রকল্পে বিস্ফোরণে দুইজন নিহত হয়েছিল।

লুইজিয়ানার প্রধান শহর নিউ অলিন্স থেকে ৬০ মাইল উত্তরপশ্চিমে মিসিসিপি নদীর তীরে ডোনাল্ডসনভিলের অবস্থান। ছোট এই বন্দর শহরটির সিএফ ইন্ডাস্ট্রিজ প্রকল্পে বিস্ফোরণটি ঘটে।

এক বিবৃতিতে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নাইট্রোজেনবাহী একটি লাইটার জাহাজ বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। এছাড়া সাতজন “সামান্য থেকে মারাত্মক” আহত হন। তাদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে লুইজিয়ানা রাজ্য পুলিশের সদস্য জেরার্ড স্যান্ডিফার জানিয়েছেন।

তিনি বলেন, “শ্রমিকরা লাইটার জাহাজে নাইট্রোজেন ভরার সময় অতিরিক্ত চাপে জাহাজটি বিস্ফোরিত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।”

তিনি জানান, বিস্ফোরণের কারন নাইট্রোজেন হওয়ায় আগুন ধরেনি, শুধু বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণটিকে বেলুন ফেঁটে যাওয়ার সঙ্গে তুলনা করেন তিনি।

১৯৬০ সালে প্রতিষ্ঠিত সিএফ ইন্ডাস্ট্রিজ শিল্প ও কৃষিতে ব্যবহারের জন্য নাইট্রোজেন সার ও নাইট্রোজেন ঘটিত উপাদান প্রস্তুত করে।

এর আগে এপ্রিলে টেক্সাস রাজ্যে একটি নাইট্রেট সার তৈরির কারখানায় বিস্ফোরণে ১৪ জন নিহত ও ২শ’রও বেশি মানুষ আহত হয়েছিল।