২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিন্নাহ’র স্মৃতিবিজড়িত বাড়িতে বোমা হামলা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জিয়ারাতে দেশটির প্রতিষ্ঠাতা মুহম্মদ আলী জিন্নাহ’র ঐতিহাসিক গ্রীষ্মকালীন বাড়িতে বোমা হামলা চালিয়েছে অজ্ঞাত জঙ্গিরা । হামলায় বাড়িটির সামনে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 07:57 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

এই বাড়িতেই জিন্নাহ জীবনের শেষ দিনগুলো কাঁটিয়েছিলেন।

শনিবার সকালে বাড়িটি লক্ষ্য করে তিনটি গ্রেনেড নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে ডন ডটকম।

জিয়ারাতের জেলা কমিশনার নাদিম তাহির জানিয়েছেন, গ্রেনেডগুলোর আঘাতে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, চার জঙ্গি দুটি মোটরসাইকেলে করে এসে বাড়িটিতে প্রবেশে করে বোমা হামলা চালায়।

“বাড়ির ভিতরে পুরনো যত স্মৃতিস্মারক ছিল সব ধ্বংস হয়ে গেছে,” বলেন তিনি।

বোমা হামলার পর আগুন লেগে জিন্নাহ’র স্মৃতিবাহি চেয়ার, বিছানা ও ঐতিহাসিক স্থিরচিত্র সবই পুড়ে গেছে বলে জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পুলিশ কর্মকর্তা জানান, বাইরের ক্রংক্রিট কাঠামো অক্ষত থাকলেও বাড়িটির ভিতরের কাঠের তৈরি অংশগুলো আগুনে পুড়ে গেছে।

বাড়িটি থেকে আরো ছয়টি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড জানিয়েছে।

জঙ্গিরা হামলা চালিয়ে বিনা বাঁধায় ঘটনাস্থল ত্যাগ করে বলে জানিয়েছে পুলিশ।

সেনা ও পুলিশ সদস্যরা বাড়িটি ঘিরে রেখে ঘটনার তদন্ত শুরু করেছে।

পাকিস্তানের জাতির পিতা কায়েদ এ আজম মুহম্মদ আলী জিন্নাহ তার জীবনের শেষ দিনগুলো জিয়ারাতের কাঠের তৈরি নান্দনিক এই বাড়িটিতে কাঁটিয়েছিলেন। প্রতি বছর বিপুল সংখ্যাক পর্যটক জিয়ারাতের এই কায়েদ এ আজম মেমোরিয়ালটি দেখতে আসেন।