২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাপী প্রিজম ধাঁচের নজরদারি চলছে : অ্যাসাঞ্জ

যুক্তরাষ্ট্রের ইন্টারনেট, ফোনে আড়িপাতার গোপন কর্মসূচি পিআরআইএসম (প্রিজম) এর মতো বিশ্বের অনেক দেশের সরকারও জনগণের ওপর একইরকম নজরদারি চালাচ্ছে, তবে তা যুক্তরাষ্ট্রের মতো অতটা কার্যকর নয়, বলেছেন সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 05:07 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে দেয়া এক ভাষণে অ্যাসাঞ্জ এসব কথা বলেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে থাকা উইকিলিকসের প্রতিষ্ঠাতা ভিডিও লিংকের মাধ্যমে ভাষণটি দেন। সিডনি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ইলেক্ট্রনিক আর্ট বিষয়ক ১৯তম আন্তর্জাতিক সিম্পোজিয়ামের সমাপণী ভাষণ ছিল এটি। ব্যাপক বিষয় নিয়ে আলোচনা করা তার এই ভাষণে তিনি সামরিক নজরদারি, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে গুগলের সম্পর্ক ও অস্ট্রেলিয়ার রাজনৈতিক দল উইকিলিকস পার্টি নিয়েও কথা বলেন। তিনি বলেন, “এডওয়ার্ড স্নোডেন তাই প্রকাশ করেছে যার সম্পর্কে আমি অনেক দিন ধরে বলে আসছিলাম, ব্যাপক নজরদারীর কারনে ইন্টারনেট যে সমাজের ব্যক্তিগত দিকগুলোও উন্মোচন করে দিচ্ছে তার পরিষ্কার, বস্তুনিষ্ঠ প্রমাণ তুলে ধরেছেন স্নোডেন।” “এই ব্যাপক গোয়েন্দা নজরদারী, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) তার অংশীদারদের সহযোগীতায় করে যাচ্ছে, তা অন্যান্য দেশগুলোও করার চেষ্টা করছে। তবে তারা এনএসআইয়ের মতো কার্যকরভাবে তা করতে পারছে না।” এসব বিষয়ে বলতে গিয়ে অ্যাসাঞ্জ গুগলের বিষয়ে তার এক ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। গুগলের চেয়ারম্যান এরিক স্মিথ ও তার বান্ধবী লিসা শিল্ডসের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। লিসা যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক বিভাগের যোগাযোগ বিষয়ের সহসভাপতি ছিলেন। সাক্ষাৎকালে লিসা তাকে জানান, দুই মাস আগে তিনি যখন আইনি বিষয়ে কথা বলার জন্য হিলারিকে ফোন করেছিলেন তখন কলটি নিশ্চিত করার জন্য লিসা হিলারির ব্যক্তিগত সহকারী সেজে তার সঙ্গে কথা বলেছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে দেয়া ফোন গুগল চেয়ারম্যানের বান্ধবী যাচাই করার দায়িত্ব পাওয়াতেই বোঝা যায় গুগলের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের সম্পর্ক কতোটা ঘনিষ্ঠ। বক্তব্যের প্রথমদিকে অ্যাসাঞ্জ বলেছেন, পৃথিবী ইন্টারনেট ব্যবহারকারী ও ইন্টারনেট ব্যবহার করেনা এমন মানুষের মধ্যে বিভক্ত হয়ে গেছে, আর সাম্প্রতিক ঘটনা প্রমাণ করে ইন্টারনেট এখন সাধারণ মানুষের হাত থেকে অনেক দূরে সরে গেছে, এটা এখন সেনাবাহিনী এবং শাসক শ্রেণির দখলে চলে গেছে। তার ভাষায়, স্বামী-স্ত্রীর মধ্যে যোগাযোগ, ব্যবসায়ী এবং ক্রেতার মধ্যে কথাবার্তা এমনকি আমলা ও সরকারের মধ্যকার আলাপও এখন গোয়েন্দা নজরদারিতে। ভাষণে তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল নিয়েও কথা বলেন অ্যাসাঞ্জ।