২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে নিরঙ্কুশ বিজয়ের পথে রোহানি

মধ্যপন্থী ধর্মীয় নেতা হাসান রোহানি কট্টরপন্থী প্রার্থীদের পেছনে ফেলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ১১তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে চলছেন। প্রাপ্ত ভোটে আভাস পাওয়া যাচ্ছে দ্বিতীয় দফা ভোট ছাড়াই সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 Jun 2013, 03:28 AM

Updated : 25 Apr 2022, 06:52 PM

শনিবার প্রাপ্ত ভোটের প্রাথমিক ফলাফলে এমন ধারণাই তৈরি হয়েছে।

শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ছয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। এদের মধ্যে একমাত্র রোহানি মধ্যপন্থী, বাকী সবাই কট্টরপন্থী।

নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে ইরানের প্রেস টিভি।

মোট পাঁচ কোটি ভোটের মধ্যে ৫২ লাখেরও বেশি গণনার পর রোহানির পক্ষে ৫২ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে ইরানি স্বরাষ্ট্রমন্ত্রণালয়।


নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে সংবিধান অনুযায়ী শীর্ষ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে ২১ জুন দ্বিতীয় দফা ভোট হওয়ার কথা ছিল। কিন্তু রোহানি তা এড়াতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

রোহানির নিকটতম প্রতিদ্বন্দ্বী ইরানের রাজধানী তেহরানের কট্টরপন্থী মেয়র মোহাম্মদ বাকের কালিবাফ পেয়েছেন মাত্র ১৭ দশমিক ৩৩ শতাংশ ভোট । কট্টরপন্থী অন্যান্য প্রার্থীদের অবস্থা আরো শোচনীয়।

চলতি সপ্তাহের প্রথমদিকে সংস্কারবাদী প্রার্থী মোহাম্মদ রেজা আরেফ রোহানির পক্ষে নিজ প্রার্থীতা প্রত্যাহার করে নিলে রোহানির পালে জোর হাওয়া লাগে। এছাড়া সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও আলী আকবর হাশেমি রাফসানজানি তার হয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন।

বিপরীতে কট্টরপন্থীরা একক কোনো প্রার্থী দিতে ব্যর্থ হয়, আর তাতেই কট্টরপন্থীদের এমন ভরাডুবি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।