২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্থল সীমান্ত চুক্তি: কংগ্রেসের ‘শেষ’ চেষ্টা

বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে সংবিধান সংশোধনের জন্য বিরোধী দলের সমর্থন আদায়ের চেষ্টা শুরু করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলকাতা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 12:05 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

এর অংশ হিসেবে জুলাইয়ে ভারতীয় পার্লামেন্টে বিশেষ অধিবেশন বসানোরও উদ্যোগ নেয়া হয়েছে।

খাদ্য নিরাপত্তা বিল এবং বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি ও প্রটোকল অনুসমর্থনের বিষয়টি দ্রুত পার্লামেন্টে তুলে তা পাস করানোর জন্য প্রচারণাও শুরু করেছে কংগ্রেস।

ভারতীয় কংগ্রেসের একজন জ্যেষ্ঠ নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় স্বার্থে খাদ্য নিরাপত্তা বিল পাস করাতে হবে। এটা গরীব মানুষের জন্য খুব দরকার। আর জাতীয় সম্মান রক্ষায় স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের বিল পাশ করতে হবে। কারণ এটা করা না হলে অভিযোগ উঠবে, ভারত প্রতিবেশি দেশের সঙ্গে চুক্তি করে, কিন্তু বাস্তবায়ন করে না।”

পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্য সভায় গত অধিবেশনে এ বিলগুলো উত্থাপনের উদ্যোগ নেয়া হয়। তখন দুর্নীতির অভিযোগ ওঠা দুই মন্ত্রীর পদত্যাগ দাবিতে বিরোধী দল পার্লামেন্টে কোনো বিল পাশ হতে না দেয়ার হুমকি দেয়। ফলে গুরুত্বপূর্ণ এসব বিল পার্লামেন্টে তুলতে ব্যর্থ হয় কংগ্রেস।

আগামী জাতীয় নির্বাচনের আগে পড়তি জনপ্রিয়তা ফিরে পেতে খাদ্য নিরাপত্তা বিলকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চাইছে কংগ্রেস। ভারতের বিপুল গ্রামীণ জনগোষ্ঠীর কথা মাথায় রেখে এ বিলে অনুমোদন দেয় মন্ত্রিসভা।

“বিরোধী দলকে বুঝিয়ে অধিবেশনে এনে ঐকমত্যের ভিত্তিতে বিলটি পাস করতে চায় সরকার,” বলেন ওই কংগ্রেস নেতা।

অন্যদিকে, গত ফেব্রুয়ারিতে মন্ত্রিসভায় স্থল সীমান্ত চুক্তি অনুমোদিত হয়।

কোনো বিল পাস করতে হলে ভারতীয় পার্লামেন্টের উভয়কক্ষ লোকসভা ও রাজ্যসভায় অন্তত দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের যা নেই। আর  সেজন্য বিরোধী দলের সমর্থনের অপেক্ষায় রয়েছে ভারত সরকার।

কিন্তু বিরোধী দল বিশেষত বিজেপি বিশেষ অধিবেশনে এসে বিলগুলো পাস করাতে না চাইলে ক্ষমতাসীন ইউপিএ জোট পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের দিকে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতারা।

আর এ ধরনের কোনো কিছু এখনই ঘটুক তা চায় না বিজেপি। কারণ নরেন্দ্র মোদিকে দলের নির্বাচনী প্রচার কমিটির প্রধান করায় শীর্ষ নেতৃত্বের একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে, যা সামাল দিতেই হিমশিম খাচ্ছে দলটি।

আবার আঞ্চলিক দলগুলোও এই মুহূর্তে আগাম নির্বাচনের পক্ষে নয়। কারণ তাতে তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় ফ্রন্ট গঠনের উদ্যোগও ভেস্তে যাবে।

অবশ্য আগাম নির্বাচনে কংগ্রেসেরও খুব একটা লাভ হবে না। তারপরও দলটির শীর্ষ নেতারা ভাবছেন, বিজেপিকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কাটিয়ে ওঠার এবং মমতার তৃতীয় ফ্রন্ট গঠনের জন্য সময় না দিয়ে আগাম নির্বাচনে যাওয়াই তাদের জন্য মঙ্গলজনক হবে।