২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজিরের আইনজীবীকে খুনের দায়ে আল কায়েদা সদস্য গ্রেপ্তার

পাকিস্তানের নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের বাদী পক্ষের আইনজীবী চৌধুরি জুলফিকারের খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আল কায়েদার এক সদস্যকে গ্রেপ্তার করেছে ইসলামাবাদ পুলিশ।

নিউজ ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 07:37 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শুক্রবার এ খবর জানিয়েছে ডন ডটকম।

গত মাসে ইসলামাদের নিজ বাড়ি থেকে আদালতে যাওয়ার সময় নিজ গাড়িতে অজ্ঞাত হামলাকারীদের গুলিতে নিহত হন আইনজীবী জুলফিকার। ওই সময় বেনজির হত্যাকাণ্ডের শুনানিতে অংশ নিতে তিনি আদালতে যাচ্ছিলেন।

গ্রেপ্তারকৃত আল কায়েদা সদস্যের নাম আবদুল্লাহ উমর বলে ডন ডটকমকে জানিয়েছে পুলিশের উচ্চ পর্যায়র একটি সূত্র।

উমর ২০০৯ সালে সামরিক বাহিনীর একটি মসজিদে হামলার সঙ্গেও জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ডিসেম্বরের ওই হামলায় ৩৭ জন পুলিশ নিহত হয়েছিল।

খুনের সময় জুলফিকারের দেহরক্ষী ফারমানের পাল্টা গুলিতে হামলাকারী উমর আহত হয়েছিল বলে দাবী করেছে পুলিশ। হামলাকারীরা একটি মোটর সাইকেলে এসে জুলফিকারকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় একটি ট্যাক্সি ক্যাবে হামলাকারীদের অন্যান্য সহযোগীরাও ছিল।

গ্রেপ্তারকৃত উমর সাবেক সামরিক কর্মকর্তা কর্নেল খালিদ আব্বাসির ছেলে। আল কায়েদার সঙ্গে জড়িত থাকায় ২০০৩ সালে সামরিক আদালতে কর্নেল খালিদের বিচার হয়েছিল এবং পরবর্তীতে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। খলিদ এখন মুরিতে বসবাস করছেন।

পুলিশ জানিয়েছে, জুলফিকারের দেহরক্ষীর ছোঁড়া তিনটি গুলি উমরের শরীরে লাগে। আহত উমর রাওয়ালপিন্ডির জেলা সদর হাসপাতালে ভর্তি হন। ডাকাতরা তাকে গুলি করেছে বলে হাসপাতালের চিকিৎসকদের জানিয়েছিলেন তিনি। পরবর্তীতে তাকে একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়।

হত্যাকাণ্ডের স্থান থেকে পাওয়া পিস্তল ও মোবাইল ফোনের সূত্র থেকে পুলিশ উমরের খোঁজ পায়। ট্যাক্সি ক্যাবে চড়ে উমর পালিয়ে যাওয়ার সময় এগুলো পড়ে যায়। এক প্রত্যক্ষদর্শী এগুলো দেখতে পায় ও ট্যাক্সি ক্যাবের নাম্বার নোট করে রাখে।

গুজরানাওয়ালায় রেজিস্ট্রিকৃত ওই ট্যাক্সি ক্যাবের মালিককে খুঁজে বের করে পুলিশ। সে পুলিশকে জানায় মান্দি বাহাউদ্দিন এলাকার এক লোক জাল আইডি কার্ড ব্যবহার করে তার ট্যাক্সিটি ভাড়া নিয়েছিল। কিন্তু ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে করা চুক্তির কপিতে ওই লোক তার বৃদ্ধা আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর করেছিল।

এই স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ শনাক্ত করে পুলিশ মান্দি বাহিউদ্দিন থেকে একজনকে আটক করে। তার স্বীকারোক্তিমতো তিনদিন আগে আবদুল্লাহ উমরকে ওই প্রাইভেট হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়।

আবদুল্লাহ উমর জুলফিকার খুনের মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থার উমরকে এখন কড়া নিরাপত্তার মধ্যে একটি সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাশাপাশি সন্ত্রাস বিরোধী আদালতের দেওয়া ১৪ দিনের পুলিশ হেফজতের আওতায় তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।