গেজি পার্ক নিয়ে গণভোট করতে পারে তুরস্ক
তুরস্কের ইস্তান্বুল শহরের বিতর্কিত গেজি পার্কের গাছ কেটে বিপনীবিতান নির্মাণের সরকারি সিদ্ধান্ত নিয়ে গণভোট করতে পারে ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি(একে পার্টি)।
দলটির ডেপুটি চেয়ারম্যান হুসেইন চেলিক বৃহস্পতিবার একথা জানিয়েছেন বলে জানায় বিবিসি।তিনি বলেন, এ শুভ লক্ষণের পর আন্দোলনকারীরা ভালোয় ভালোয় ফিরে যাবেন বলেই তার প্রত্যাশা। নতুবা যাঁরা পার্কে অবস্থান করবেন, তাঁদের পুলিশের মুখোমুখি হতে হবে।
চেলিক আরো বলেন, ‘আমরা এ বিষয়ে গণভোট আয়োজন করার কথা ভাবছি। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ইচ্ছাই মূল বিবেচ্য।এ বিষয়ে আমরা যে সদিচ্ছা দেখাচ্ছি তাতে আন্দোলনকারীরা বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেবে বলেই মনে করছি।”
কিন্তু অন্যথায়, যারা পার্কে অবস্থান করবেন এবং বিক্ষুব্ধ পরিস্থিতি উস্কে দেয়ার চেষ্টা করবেন তাদেরকে পুলিশের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দেন তিনি।
গেজি পার্কে অবস্থানরত বিক্ষোভকারীদের ২৪ ঘণ্টার মধ্যে হটানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মুয়াম্মার গুলারকে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী এরদোয়ান।
গেজি পার্কের কাছে তাকসিম স্কয়ারে অবস্থানরত আন্দোলনকারীদের বুধবার হটিয়ে দেয় পুলিশ। তা সত্ত্বেও বিকেলে আবারও সেখানে জড়ো হয় তারা।
আন্দোলনকারীদের তাকসিম স্কয়ার থেকে হটিয়ে দেয়ার প্রতিবাদে বুধবার আঙ্কারা ও ইস্তাম্বুলে রাজপথে বিক্ষোভ করেন বেশ কয়েকজন আইনজীবী। তাকসিম স্কয়ারেও আইনজীবীদের একটি দল মিছিল করে।
রাজধানী আঙ্কারায় বুধবার পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বিক্ষিপ্ত সংঘর্ষেরও খবর পাওয়া যায়। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার ডাক দেন প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল।
বিক্ষোভের শুরু থেকেই প্রধানমন্ত্রী এরদোয়ান বিক্ষোভকারীদের প্রতি কঠোরভাষী হলেও প্রেসিডেন্ট গুল ছিলেন বেশ নমনীয়।বুধবার তিনি বলেন, সমালোচনাকারীদের সঙ্গে আলোচনা করা সরকারেরই দায়িত্ব। তবে প্রধানমন্ত্রীর মতই তিনিও বিক্ষোভকে সহিংস বলে অভিহিত করেন।
ইস্তাম্বুলের গেজি পার্কের গাছ কেটে সেখানে বিপণীবিতান নির্মাণের সরকারি উদ্যোগের প্রতিবাদে গত মাস থেকে তুরস্কে বিক্ষোভ শুরু হয়। পরে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।
