২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় নিহতের সংখ্যা ৯৩ হাজার: জাতিসংঘ

সিরিয়ায় গৃহযুদ্ধ তৃতীয় বছরে গড়িয়েছে।এ বছর এপ্রিলের শেষ নাগাদ নিহতের সংখ্যা পৌঁছেছে ৯৩ হাজারে।কিন্তু চলমান সহিংসতায় নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি হতে পারে বলে বৃহস্পতিবার জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়।

রয়টার্স

.

রয়টার্স

Published : 13 Jun 2013, 10:06 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

গত জুলাই থেকে প্রতি মাসে সিরিয়ায় গড়ে নিহত হয়েছে ৫ হাজারেরও বেশি মানুষ।নভেম্বর থেকে দামেস্ক এবং আলেপ্পোয় সবচেয়ে বেশি নিহতের সংখ্যা রেকর্ড করা হয়েছে।নিহতের সংখ্যার সর্বশেষ হিসাবে একথা বলা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাই এক বিবৃতিতে বলেছেন, মাসের পর মাস ব্যাপকহারে এ মানুষ হত্যার ঘটনায় সিরিয়ায় গত বছরে যুদ্ধ পরিস্থিতির মারাত্মক অবনতির চিত্রই ফুটে উঠেছে।

এর আগে মে মাসের মাঝামাঝিতে প্রকাশিত জাতিসংঘ পরিসংখ্যানে সিরিয়ার গৃহযুদ্ধে নিহতের সংখ্যা ৮০ হাজার উল্লেখ করা হয়েছিল।২০১১ সালে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে পরবর্তী কয়েক মাসে তা শসস্ত্র বিদ্রোহে রূপ নেয়।

জাতিসংঘের হিসাবমতে, সিরিয়ায় নিহতের সর্বশেষ সংখ্যা পাওয়া গেছে দেশটির সরকার, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসসহ ৮ টি সূত্র থেকে নেয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে।নিহতদের নাম, নিহত হওয়ার তারিখ এবং স্থানের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছে।

তাছাড়া, সিরিয়ার গৃহযুদ্ধে নিহত হাজার হাজার শিশুরও হিসাব নিকাশ করেছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় শিশুরা নিহত হওয়াসহ নির্যাতনের শিকার হেচ্ছে। সেনা ও বিদ্রোহী উভয়ই শিশুদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে।