বিক্ষোভকারীদের সঙ্গে সংলাপ চান তুর্কি প্রেসিডেন্ট
তুরস্কের তাকসিম স্কয়ার থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার পর তাদের সঙ্গে সংলাপ ডেকেছেন প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল।
তাসকিম স্কয়ারের পাশের গেজি পার্ক ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে দুই সপ্তাহ আগে বিক্ষোভ শুরু হয়, যা পরে প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান বিরোধী বিক্ষোভে পরিণত হয়।
মঙ্গলবার রাত থেকে পুলিশের অভিযানের মুখে তাকসিম স্কয়ার ছাড়তে বাধ্য হয় বিক্ষোভকারীরা। এর পরই বুধবার বিক্ষুব্ধদের কয়েকজন নেতার সঙ্গে সংলাপের প্রস্তাব দেন প্রেসিডেন্ট গুল।
বিক্ষোভের শুরু থেকেই প্রধানমন্ত্রী এরদোয়ান বিক্ষোভকারীদের প্রতি কঠোরভাষী হলেও প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল ছিলেন বেশ নমনীয়।
বুধবার তিনি বলেন, সমালোচনাকারীদের সঙ্গে আলোচনা করা সরকারেরই দায়িত্ব। তবে প্রধানমন্ত্রীর মতই তিনি ওই বিক্ষোভকে সহিংস বলে অভিহিত করেন।
ওদিকে প্রধানমন্ত্রী এরদোয়ানও বিক্ষোভে অংশ নেয়া একটি গ্রুপের নেতাদের সঙ্গে দেখা করবেন বলে শোনা যাচ্ছে; যদিও তিনি তাদেরকে হঠকারী বলে অভিহিত করেছিলেন।
প্রেসিডেন্ট গুল সাংবাদিকদের বলেন, “জনগণের যদি কোনো অভিযোগ থেকে থাকে তবে এসব অভিযোগকারীদের সঙ্গে আলোচনায় বসা আমাদেরই দায়িত্ব।”
“তবে যারা সহিংসতায় লিপ্ত হয় তাদের ক্ষেত্রে আলোচনার প্রস্তাবটি একটু ভিন্ন।তাদেরকে চিহ্নিত করতে হবে। সহিংসতাকারীদের কোনো সুযোগ দেয়া যাবে না। এটা নিউইয়র্কে সহ্য করা হবে না, বার্লিনেও মেনে নেয়া হবে না”। বলেন গুল।
বিক্ষোভকারীদের সমন্বয়ক সংগঠন তাকসিম সলিডারিটি দাবি করছে যারা এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে তারা মূলত: বিক্ষোভকারীদের প্রতিনিধি নয়। এটি প্রতীকি বৈঠকের চেয়ে খুব বেশি কিছু নয়।
