মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৭
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে পাঁচতলা একটি ভবন ধসে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন। বিধ্বস্ত ভবনটির ধ্বংসস্তুপের নিচে শিশু ও বৃদ্ধসহ বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার মুম্বাইয়ের মাহিম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, ভবনের ধ্বংসস্তুপের নিচে আটকাপড়াদের মধ্যে প্রখ্যাত আইনজীবী রিজওয়ান মার্চেন্টের পরিবারের সদস্যরাও আছেন। রিজওয়ান কারান্তরীণ অভিনেতা সঞ্জয় দত্তের আইনজীবী। রিজওয়ানের মাধ্যমেই গত মাসে আদালতে আত্মসমর্পণ করেন সঞ্জয়।
মুম্বাই বিজেপির সভাপতি আশিষ শেলার জানিয়েছেন, আইনজীবী রিজওয়ানের স্ত্রী, ছেলে ও মা ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপে আটকা পড়েছেন।
ভবন ধসে পড়ার আগের দিন রোববার মুম্বাইয়ে ব্যাপক বৃষ্টিপাত হয়। এছাড়া আলতাফ মঞ্জিল নামের ওই ভবনের নীচতলার ভূগর্ভে নির্মাণ কাজ চলছিল বলে জানিয়েছেন আশিষ।
আহতদের মুম্বাইয়ের বান্দ্রা, কেইএম ও সিনো হাসপতালে ভর্তি করা হয়েছে।
মুম্বাইয়ের কাদেল সড়কের ধসে পড়া এই ভবনটির নীচতলায় মারুতি গাড়ির একটি শোরুমও ছিল। ধ্বংসস্তুপের নীচে বেশ কয়েকটি গাড়িও চাপা পড়েছে।
