বিজেপি ছাড়লেন আদভানি
নরেন্দ্র মোদিকে দলের নির্বাচনী প্রচার কমিটির চেয়ারম্যান করার পরদিন ভারতের প্রধান বিরোধী দল বিজেপির সঙ্গে সব ধরনের সম্পর্ক শেষ করলেন এল কে আদভানি।
সোমবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি রাজনাথ সিংয়ের কাছে পদত্যাগপত্র পাঠান আদভানি, যাতে দলের জাতীয় নির্বাহী কমিটি, পার্লামেন্টারি পর্ষদ ও নির্বাচন কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি।
বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট সরকারের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা আদভানি চিঠিতে বলেন, বর্তমানে দলের অধিকাংশ নেতা ‘ব্যক্তিগত চাওয়া-পাওয়া’ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় তিনি দলীয় সব পদ ছাড়ছেন।
প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির সরকারের উপ-প্রধানের দায়িত্ব পালন ছাড়াও বিজেপি সরকারে স্বরাষ্ট্র ও খনি মন্ত্রীর দায়িত্ব পালন করে এসেছেন এই জ্যেষ্ঠ রাজনীতিক। বিজেপির হয়ে পার্লামেন্টের উভয়কক্ষ রাজ্য ও লোকসভায় বিরোধী দলীয় নেতার দায়িত্বেও ছিলেন তিনি।
আগের দিন গোয়ায় বিজেপির কার্যিনির্বাহী কমিটির বৈঠকে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ২০১৪ সালের নির্বাচনী প্রচারাভিযানের মূল দায়িত্ব দেয়া হয়। আদভানির ওই বৈঠকে যোগ না দেয়ার জন্য ‘অসুস্থতা’র কথা বলা হলেও দৃশ্যত মোদির দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার বিরোধিতার কারণেই গোয়ায় যাননি তিনি।
২০০২ সালে গুজরাটে হিন্দু-মুসলিম দাঙ্গায় ‘উস্কানির’ অভিযোগ থাকা নরেন্দ্র মোদির বিপক্ষে দলের শীর্ষ নেতৃত্বের একাংশ অবস্থান নিলেও তাকেই দলের আগামী জাতীয় নির্বাচনী প্রচার কমিটির চেয়ারম্যান ঘোষণা করেন বিজেপি সভাপতি রাজনাথ সিং।
