২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুল বিমানবন্দরে তালেবান হামলা, নিহত ৭

আফগান রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। কয়েক ঘন্টা লড়াইয়ের পর বিদেশী বাহিনীর সহায়তা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে আফগান নিরাপত্তা বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 05:57 AM

Updated : 25 Apr 2022, 06:51 PM

সোমবার ভোরে ভারী অস্ত্রে সজ্জিত সাত জঙ্গি বিমানবন্দরের পাশের একটি ভবনে অবস্থান নিয়ে হামলা শুরু করে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, নির্মাণাধীন পাঁচতলা ওই ভবনে অবস্থান নেওয়া সাত জঙ্গির সবাই নিহত হওয়ার মধ্য দিয়ে হামলার অবসান হয়েছে।

হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে তালেবান।

কাবুলের পুলিশ প্রধান জেনারেল আইয়ুব সালানগি জানিয়েছে, নিহত সাত জঙ্গির মধ্যে দুইজন আত্মঘাতী বোমা বিস্ফোরণে ও বাকী পাঁচজন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

ঘটনায় নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য বা কোনো বেসামরিক ব্যক্তি আঘাত পাননি বলে জানান তিনি।

হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কাবুলের কূটনৈতিক এলাকার বিদেশী দূতাবাসগুলো বন্ধ করে দেওয়া হয়।

ঘটনাস্থল থেকে বিবিসির প্রতিনিধি ডেভিড লোয়েন জানিয়েছেন, আন্তর্জাতিক বাহিনীর সাহায্য ছাড়াই আফগান নিরাপত্তা বাহিনী পরিস্থিতির মোকাবিলা করেছে।

কয়েক ঘন্টা ধরে দুপক্ষের গোলাগুলি চলাকালে তালেবান জঙ্গিরা আশপাশের রাস্তাগুলোতে রকেট চালিত গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় কাবুল বিমানবন্দরের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দরের পাশে নেটোর একটি বড় সামরিক ছাউনি রয়েছে। হামলার সময় ছাউনির আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়।

ঘটনাস্থলের উপর দিয়ে যুক্তরাষ্ট্রের ব্ল্যাকহক হেলিকপ্টার চক্কর দিলেও লড়াইয়ে অংশ নেয়নি। আফগান সেনাবাহিনী ও পুলিশের ইউনিটগুলোই জঙ্গিদের মোকাবিলা করে পরাস্ত করেছে।

এপ্রিলে তালেবানের পক্ষ থেকে “গ্রীষ্মকালীন হামলা” শুরু করার ঘোষণা দেয়া হয়েছিল। বিদেশী সেনা ঘাঁটি ও দূতবাসগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে বলে জানিয়েছিল তারা।

গত মাসে কাবুলের কেন্দ্রস্থলে একটি বড় ধরনের বিস্ফোরণের পর তালেবান জঙ্গিদের সঙ্গে কয়েক ঘন্টা লড়াই করেছিল আফগান নিরাপত্তা বাহিনী।