বিতৃষ্ণায় বাসে আগুন, ঝরে গেল ৪৭ প্রাণ
জীবনের প্রতি বিতৃষ্ণা থেকে এক ব্যক্তি চীনের ফুজিয়ান প্রদেশে চলন্ত বাসে আগুন দিয়েছে, যাতে নিহত হয়েছে অন্তত ৪৭ জন। আহত হয়েছে আরো ৩৪ জন।
শুক্রবার ফুজিয়ানের উপকূলীয় শহর শিয়ামেনে এ ঘটনা ঘটে বলে শনিবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়।
টেলিভিশনের খবরে বলা হয়, শিয়ামেনের অধিবাসী চেন সুইজোং বাসে আগুন দেন, যিনি নিজেও নিহত হয়েছেন।
৬০ বছর বয়সী সুইজোংয়ের বাসায় একটি চিরকুট পাওয়া গেছে, যাতে তার এ হামলা চালানোর প্রমাণ পাওয়া যায়।
“চেন সুইজোং মনে করতেন, জীবনকে যেভাবে চেয়েছিলেন সেভাবে পাননি তিনি। তিনি ছিলেন চরম হতাশাবাদী। তাই বাসে আগুন লাগিয়ে ক্ষোভ চরিতার্থ করেন তিনি,” বলা হয় টেলিভিশনের খবরে।
সিনহুয়া জানায়, বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন সুইজোং। মাত্র ১০ মিনিটের মধ্যে বাসটি পুড়ে যায় যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
দিনের সবচেয়ে ব্যস্ত সময় সন্ধ্যা সোয়া ৬টায় একটি ফ্লাইওভার ধরে যাওয়ার সময় বাসটিতে আগুন দেয়া হয়।
আগুন লাগার সময় ৯৫ জন যাত্রী ধারণক্ষমতার বাসটিতে ৯০ জন যাত্রী ছিল।
এর আগে ২০০৯ সালে একজন বেকার চলন্ত বাসে পেট্রোল ঢেলে আগুন দেন, যাতে তিনি নিজেসহ ২৭ জন নিহত হন। একই বছর এক হতাশাগ্রস্ত ইস্পাত শ্রমিক একটি শাটল বাসে আগুন দিলে ২৪ জন প্রাণ হারান।
