চীনে বাসে আগুন লেগে নিহত ৪৭
দক্ষিণপূর্ব চীনের ফুজিয়ান প্রদেশে চলন্ত বাসে আগুন লেগে ৪৭ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৪ জন।
শুক্রবার ফুজিয়ানের উপকূলীয় শহর শিয়ামেনে এ ঘটনা ঘটে বলে শনিবার জানিয়েছে চীনের রাষ্ট্রিয় বার্তা সংস্থা শিনহুয়া।
ঘটনাটিকে “গুরুতর অপরাধমূলক ঘটনা” হিসেবে ধরে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাবে যান্ত্রিক কারণকেও বিবেচনায় রাখা হয়েছে।
দিনের সবচেয়ে ব্যস্ত সময় সন্ধ্যা সোয়া ছয়টায় একটি ফ্লাই ওভার ধরে যাওয়ার সময় বাসটিতে আগুন লাগে। পরিকল্পিতভাবে বাসটিতে আগুন লাগানো হয়েছে বলে কর্তৃপক্ষের সন্দেহ।
এ ঘটনায় জড়িত এক সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে হয়েছে বলে শনিবার জানিয়েছে স্থানীয় পুলিশ।
আগুন লাগার সময় ৯৫ জন যাত্রী ধারণক্ষমতার বাসটিতে ৯০ জন যাত্রী ছিল।
মাত্র কয়েকদিন আগে চীনের এক মুরগির মাংস প্রক্রিয়াজাতকরণ প্রকল্পে আগুন লেগে ১২০ জন নিহত হওয়ার পর আবার আগুনে হতাহতের ঘটনা ঘটলো।
