২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাত্রী খুঁজছেন পুতিন

স্ত্রী লুদমিলার সঙ্গে ৩০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সঙ্গে সঙ্গেই পাত্রী খুঁজতে শুরু করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 05:43 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

টাইম ম্যাগাজিন জানায়, বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বিচ্ছেদের ঘোষণার পর ওই দিনই ম্যাচ ডটকমে পাত্রী চেয়ে নিজের জীবন বৃত্তান্ত দেন বিশ্বের অন্যতম শক্তিধর দেশের এই নেতা।

তাকে ঘিরে সব জল্পনা সত্য জানিয়ে পুতিন বলেন, “আমি বাজারে ফিরেছি”।পুতিনের চাহিদা মতে, পাত্রী হতে হবে ২৫ থেকে ৪৫ বছর বয়সী।

“আমি এমন একজনকে খুঁজছি, যে (আমার সঙ্গে) বিশ্বব্যাপী ভ্রমণ করতে পারবে, শিকার করবে, মাছও ধরতে পারবে। আর মাঝে মাঝে হাতাহাতিও করবে।”

১৯৮৩ সালে বয়সে পাঁচ বছরের ছোট বিমানবালা লুদমিলাকে (৫৫) বিয়ে করেছিলেন পুতিন (৬০)। তাদের দুটি মেয়ে রয়েছে।

বৃহস্পতিবার দু’জনই টিভির সামনে বিচ্ছেদের ঘোষণার সময় পুতিন বলেন, “লুদমিলা আলেকজান্দ্রোভনা ও আমি সারাজীবন ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখব, আমি নিশ্চিত।”

লুদমিলাকে সাম্প্রতিক সময়ে কমই জনসম্মুখে দেখা গেছে । এনিয়ে রুশ সংবাদ মাধ্যমে বিভিন্ন কথাও ওঠে। ২০১২ সালে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে তাদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল।

পুতিন অলিম্পিক জিমন্যাস্ট আলিনা কাবায়েভাকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন, ২০০৮ সালে সংবাদপত্রে এরকম একটি খবর বের হয়েছিল। তবে খবরটিতে কোনো সত্যতা নেই বলে তখন জানিয়েছিলেন পুতিন।