২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে শপথ নিল নতুন মন্ত্রিসভা

পাকিস্তানে ২৫ সদস্যের নতুন মন্ত্রীসভা শপথ নিয়েছে।শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদে ১৬ জন পূর্ণমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রীকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শপথ পড়ান বলে জানিয়েছে ‘দ্য ডন’।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 03:04 PM

Updated : 25 Apr 2022, 06:50 PM

এর দু’দিন আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন জাতীয় নির্বাচনে বিজয়ী পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রধান নওয়াজ শরীফ।

পূর্ণমন্ত্রীরা হলেন, চৌধুরী নাসির আলী খান, ইসহাক দার, খাজা সা’দ রফিক, খাজা মোহাম্মাদ আসিফ, আব্দুল কাদির বেলুচ, শহীদ খাকান আব্বাসী, রানা তানভীর, জাহিদ হামিদ, পারভেজ রাশিদ, সিকান্দার হায়াত বোসান, কামরান মাইকেল, সাদরুদ্দিন রাশিদী, আহসান ইকবাল, বারজেস তাহির এবং মুরতাজা জ্যোতি।

এছাড়া খুররম দস্তগির, আনুশাহ রেহমান, ওসমান ইব্রাহিম, জম কামাল, আব্দুল হাকিম বেলুচ, মিঞা বালিঘুর রেহমান, সায়রা আফজাল তারার, পীর আমিনুল হাসনাত এবং শেখ আফতাব আহমেদ শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে।

নতুন মন্ত্রীদের মধ্যে কয়েকজনের দপ্তরও বন্টন করা হয়েছে। চৌধুরী নাসির আলী খানকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পদ দেয়া হয়েছে।

এছাড়া পরভেজ রাশিদকে তথ্যমন্ত্রী, ইসহাক দারকে অর্থমন্ত্রী, খাজা আসিফকে পানি ও বিদ্যুৎমন্ত্রী, শহীদ খাকান আব্বাসীকে জালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং আহসান ইকবালকে আইটি মন্ত্রী, জাহিদ হামিদকে আইনমন্ত্রী, খুররম দস্তগীরকে বাণিজ্যমন্ত্রী করা হয়েছে।

প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আয়েজ সাদিক এবং সেনাপ্রধান আশফাক পারভেজ কায়ানি শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত ১১ মে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নওয়াজের দল পিএমএল-এন সরকার গঠনের সুযোগ পায়।