২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই বিক্ষোভ বন্ধ করুন: এরদোয়ান

তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান উত্তর আফ্রিকায় চারদিনের সফর শেষে শুক্রবার দেশে ফিরেই অবিলম্বে সরকার বিরোধী বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 10:48 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

ইস্তান্বুল বিমানবন্দরে পতাকা হাতে সমবেত সমর্থকদের সামনে তিনি বলেন, “এ সমস্ত প্রতিবাদ-বিক্ষোভ অবিলম্বে বন্ধ হতে হবে।”

গত কয়েকদিন ধরে রাজধানী আঙ্কারাসহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ-সংঘর্ষ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এরদোয়ান এ আহ্বান জানালেন।

কিন্তু তার এ আহ্বানের মধ্যেও ইস্তান্বুলের তাকসিম স্কয়ারে চলছিল হাজার হাজার মানুষের সরকার বিরোধী বিক্ষোভ।

গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরের গেজি পার্কের গাছ কাটা ও সেখানে শপিং মল তৈরির পরিকল্পনাকে কেন্দ্র করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এরপর তা রাজধানী আঙ্কারাসহ সারাদেশে ছড়িয়ে পড়ে সরকার পতনের দাবিতে পরিণত হয়।
এরদোয়ানের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ তুলে ধর্মঘট শুরু করে তুরস্কের প্রধান শ্রমিক ইউনিয়ন।পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টায় তুর্কি উপ-প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের কাছে ক্ষমা চাইলেও বিক্ষুব্ধ লোকজন তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

কিন্তু এ বিক্ষোভের মধ্যেও বৃহস্পতিবার গেজি পার্ক পরিকল্পনায় অটল মনোভাব জানান দেন প্রধানমন্ত্রী এরদোয়ান।

বিদেশ সফর শেষে দেশে ফিরে বিক্ষোভ বন্ধের ডাক দেয়ার পাশাপাশি তিনি বলেন, “আল্লাহ ছাড়া আর কোনো শক্তিই তুরস্কের উত্থান রুখতে পারবে না।” বিক্ষোভ দমনে পুলিশ তাদের কর্তব্য পালন করছে উল্লেখ করে এরদোয়ান বলেন, ক্ষতিকারক এবং অরাজক হয়ে ওঠা এ বিক্ষোভ এখনই বন্ধ হতে হবে।”

বিদেশে অবস্থানের দিনগুলোতে ধৈর্য ও সহিষ্ণুতা দেখানোর জন্য এরদোয়ান তার সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, "আপনারা শান্ত থেকে এবং সহনশীলতা দেখিয়ে নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আমরা এখান থেকে ঘরে ফিরে যাব।শান্তিপূর্ণভাবে ঘরে ফিরুন।”