২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ অস্বীকার শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর

তথ্য সংগ্রহের জন্য তাদের সার্ভারে যুক্তরাষ্ট্রের সরকারি নিরাপত্তা সংস্থাগুলোকে ‘সরাসির প্রবেশ’ করার ব্যবস্থা করেছে বলে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবর অস্বীকার করেছে বিশ্বের প্রধান তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলো।

রয়টার্স

.

রয়টার্স

Published : 07 Jun 2013, 08:16 AM

Updated : 25 Apr 2022, 06:50 PM

প্রকাশিত খবর অস্বীকার করে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে অ্যাপেল, গুগল, মাইক্রোসফট,ফেইসবুক ও ইয়াহুসহ অন্যান্য শীর্ষস্থানীয় নয়টি কোম্পানি।

যুক্তরাষ্ট্র সরকারের এক গোপন তথ্য সংগ্রহ পরিকল্পনা অংশ হিসেবে কোম্পানিগুলো এই ‘প্রবেশাধিকার’ দিয়েছে বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল।

প্রকাশিত প্রতিবেদনে সংবাদপত্রটি জানায়, “যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ও এফবিআই পিআরআইএসএম (প্রিজম) নামের একটি গোপন কর্মসূচীর আওতায় যুক্তরাষ্ট্রে শীর্ষস্থানীয় নয়টি ইন্টারনেট কোম্পানির কেন্দ্রিয় সার্ভারে সরাসরি আঁড়ি পেঁতে প্রচুর পরিমাণ অডিও, ভিডিও, স্থিরচিত্র, ইমেইল, নথি ও অন্যান্য খতিয়ান সংগ্রহ করছে।”

প্রতিবেদনে অ্যাপেল, ফেইসবুক, মাইক্রোসফট, গুগলসহ নয়টি তথ্যপ্রযুক্তি কোম্পানির নামোল্লেখ করে এসব কোম্পানি ওই গোপন কর্মসূচীতে যোগ দিয়েছে বলে জানানো হয়।

বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট অনুসন্ধান সেবাদানকারী প্রতিষ্ঠান গুগল বলেছে, ব্যবহারকারীদের তথ্য হাতানোর মতো কোনো সহায়তা তারা কাউকে দেয়নি এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের জন্য কোনো “পেছনের দরজা” তারা খুলেনি।

মাইক্রোসফট জানিয়েছে, তারা স্বেচ্ছায় সরকারের কোনো তথ্য সংগ্রহ কর্মসূচীতে অংশগ্রহণ করছে না, শুধু “নির্দিষ্ট একাউন্ট ও শনাক্তকৃত ক্ষেত্রে বিশেষ অনুরোধমূলক আদেশে” তারা সহায়তা করে থাকে।

আর অ্যাপলের মুখপাত্র স্টিভ ডওলিং বলেছেন, প্রিজম (পিআরআইএসএম) সম্পর্কে তারা কিছুই জানেন না।

“আমরা প্রিজম নিয়ে কখেনোই কিছু শুনিনি,” বলেন ডওলিং, “কোনো সরকারি সংস্থাকে সার্ভারে সরাসরি প্রবেশাধিকার দেইনি আমরা, আর কোনো সরকারি সংস্থা ক্রেতার তথ্য চাইলে তাকে অবশ্যই আদালতের অনুমতি নিয়ে আসতে হবে।”

এনএসএ-এফবিআই এর তথ্য সংগ্রহ কর্মসূচীতে অ্যাপল যোগ দিয়েছে কিনা এমন প্রশ্নের মুখে নিজেদের সংক্ষিপ্ত বিবৃতির বাইরে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন তিনি।

এক বিবৃতিতে ফেইসবুকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা জো সুলিভান বলেছেন, “কোনো সরকারি সংস্থাকে ফেইসবুক সার্ভারে সরাসির প্রবেশ করার কোনো সহায়তা দেয়া হয়নি। কোনো নির্দিষ্ট ব্যক্তির বৃত্তান্ত বা তথ্য ফেইসবুকের কাছে জানতে চাওয়া হলে, আমরা এর আইনি বৈধতা সতর্কভাবে যাচাই করে দেখি এবং আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকি।”

অপর এক বিবৃতিতে ইয়াহু জানিয়েছে, ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার বিষয়টি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়াহু তাদের সার্ভার, সিস্টেম বা নেটওয়ার্কে সরকারি কোনো সংস্থাকে সরাসরি প্রবেশ করা ক্ষেত্রে সহায়তা করেনি।