২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভের মুখেও পরিকল্পনায় অটল তুর্কি প্রধানমন্ত্রী

দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মধ্যেও ইস্তান্বুলের গেইজি পার্কে গাছ কাটা এবং বিপনীবিতান করার পরিকল্পনায় অটল রয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 05:40 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

এ পরিকল্পনা বাস্তাবায়নের পথে এগিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।বিক্ষোভকারীদের কাউকে কাউকে ‘উগ্রপন্থি’ আখ্যা দিয়ে এরদোয়ান বলেছেন, তুরস্কে অস্থিরতার ঘটনায় ৭ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিউনিসে এরদোয়ান এ সমস্ত কথা বলেন এবং বৃহস্পতিবারেই তার দেশে ফেরার কথা বলে জানিয়েছে বিবিসি।

এরদোয়ানের এ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভকারীদের বড় একটি দল আরো বিক্ষোভের ডাক দিয়েছে।এ বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আপোস করার মনোভাব দেখাবেন বলেই আশা করছেন আয়োজকরা।

কিন্তু এরদোয়ান যে অটল মনোভাব প্রকাশ করেছেন তাতে তুরস্কে বিক্ষোভের আগুন আরো জ্বলে উঠবে বলেই মনে করা হচ্ছে।

গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরের গাজি পার্কের গাছ কাটা ও সেখানে শপিং মল তৈরির পরিকল্পনাকে কেন্দ্র করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এরপর তা রাজধানী আঙ্কারাসহ সারাদেশে ছড়িয়ে পড়ে সরকার পতনের দাবিতে পরিণত হয়।

এরদোয়ানের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ তুলে ধর্মঘট শুরু করে তুরস্কের প্রধান শ্রমিক ইউনিয়ন।পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টায় তুর্কি উপ-প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের কাছে ক্ষমা চাইলেও বিক্ষুব্ধ লোকজন তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।