সমাহিত হলেন জিয়া খান
বলিউড অভিনেত্রী জিয়া খানকে মুম্বাইয়ের সান্তা ক্রুজ গোরস্তানে সমাহিত করা হয়েছে। ২৫ বছর বয়সী এই অভিনেত্রী সোমবার রাতে মুম্বাইয়ের জুহু বিচে তার নিজ বাসভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বুধবার জিয়ার মরদেহ তার বাড়ি থেকে গোরস্তানে নিয়ে যাওয়া হয় বলে বিবিসির খবরে জানা গেছে।
এরআগে জিয়া খানের দ্বিতীয় চলচ্চিত্রের সহঅভিনেতা আমির খান এবং অভিনেতা রিতিশ দেশমুখ জিয়ার বাড়িতে গিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
জানা গেছে, জিয়ার মৃত্যুর ব্যাপারে পুলিশ তার পরিবারের সদস্য এবং তার বন্ধু সুরাজ পাঞ্চালিকে জিজ্ঞাসাবাদ করেছে।
সুরাজ পাঞ্চালি অভিনেতা আদিত্য পাঞ্চালি ও জারিনা ওয়াহাবের ছেলে।
সোমবার জিয়া খানের মা রাত ১১টার দিকে তার মরদেহ প্রথম দেখতে পান। আত্মহত্যার কারণ হিসাবে তিনি কোনোকিছু লিখে যাননি বলে পুলিশ জানিয়েছে।
জিয়ার প্রকৃত নাম নাফিসা খান। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহণ করেন এবং লন্ডনে বেড়ে ওঠেন। এরপর তিনি চলচ্চিত্রে অভিনয়ের জন্য মুম্বাইয়ে চলে আসেন।
তার ওয়েবসাইট থেকে জানা গেছে, তিনি শেক্সপিয়রের ওপর পড়াশোনা করেছেন এবং অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছেন।
রামগোপাল ভার্মার ‘নিঃশব্দ’ চলচ্চিত্রের মধ্যদিয়ে জিয়া খানের ভারতীয় চলচ্চিত্রে অভিষেক হয়। চলচ্চিত্রটিতে তিনি তার সবচেয়ে প্রিয়বান্ধবীর বাবার সঙ্গে এক অসমবয়সী প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই চরিত্রে অভিনয় করেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন।
২০০৭ সালের মার্চে ওই চলচ্চিত্রটি মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরপরই চলচ্চিত্রটি নিয়ে ভারতব্যাপী মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কিন্তু এতে অনবদ্য অভিনয়ের সুবাদে জিয়া নজর কাড়তে সক্ষম হন এবং ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ নবাগতা হিসেবে মনোনয়ন পান।
এরই ধারাবাহিকতায় ২০০৮ সালে মুক্তি পাওয়া আমির খান ও আসিন অভিনীত এবং এআর মুরুগাদস পরিচালিত ‘গজনি’ চলচ্চিত্রে একটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান।
২০১০ সালে তিনি সাজিদ খানের ‘হাউজফুল’ এ অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেন। এটি তার সর্বশেষ চলচ্চিত্র।
