সিরিয়ায় সারিন গ্যাস ব্যবহার হয়েছে: ফ্রান্স
সিরিয়ায় দুই বছরের লড়াই-সংঘর্ষে কয়েকবার রাসায়নিক সারিন গ্যাস স্থানীয়ভাবে ব্যবহার হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফেবিয়াস।
এই নার্ভ গ্যাসটির ব্যবহার গবেষণাগারের পরীক্ষায় ধরা পড়েছে বলে জানান তিনি।যারা লড়াইয়ে এ রাসায়নিক অস্ত্রের আশ্রয় নিয়েছে তাদেরকে সাজা পেতে হবে বলে মন্তব্য করেন ফেবিয়াস।
তবে এ অস্ত্র কোথায়, কখন এবং কে ব্যবহার করেছে তা তিনি সুনির্দিষ্ট করে বলতে পারেননি বলে জানিয়েছে বিবিসি।
ফেবিয়াস জানান, সিরিয়ার কয়েকটি জায়গা থেকে নমুনা সংগ্রহ করে ফ্রান্সে তা পরীক্ষা করা হয়েছে।
“বেশ কিছু নমুনা পরীক্ষাতেই সারিন এর উপস্থিতি ধরা পড়েছে”, এক বিবৃতিতে বলেন তিনি।পরীক্ষার ফলাফল জাতিসংঘের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফেবিয়াস।
এর আগে জাতিসংঘ তদন্ত কমিশন রাসায়নিক অস্ত্র হামলার আলামত পাওয়ার কথা জানায় এবং এ ধরনের অস্ত্র সিরিয়ায় সরকার ও বিদ্রোহী দুপক্ষই ব্যবহার করেছে এমন বিশ্বাসের ‘যৌক্তিক ভিত্তি’ রয়েছে বলে দাবি করে।তবে প্রাপ্ত তথ্যপ্রমাণ থেকে নিশ্চিত করে কিছু বলতে পারননি তদন্তকারীরা।
সারিন বর্ণহীন এক মারাত্মক ধরনের রাসায়নিক নার্ভ গ্যাস।বেশির ভাগ দেশেই রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধ।
সিরিয়ার লড়াইয়ে সরকার এবং বিদ্রোহী পক্ষ উভয়ই রাসায়নিক অস্ত্র হামলার জন্য একে অপরকে দোষারোপ করে আসছে।
