রানির সিংহাসনে আরোহণের ৬০ বছর উদযাপন
যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তার সিংহাসনে আরোহনের ৬০ বছর পূর্তি উদযাপন করেছেন।
এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে রানি ২০০০ অতিথির সঙ্গে সপরিবারে অংশগ্রহণ করেন বলে জানিয়েছে বিবিসি।
ওয়েস্টমিনস্টার অ্যাবের ওই অনুষ্ঠানে সমবেতদের মধ্যে ১৯৫৩ সালের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমন অনেকেই যোগ দেন।
১৯৫৩ সালে সিংহাসনে রানির অভিষেকের সময় যে বাজনা বাজানো হয়েছিল সেই একই বাজনার মধ্য দিয়ে ওয়েস্টমিনিস্টার অ্যাবের অনুষ্ঠানে উপস্থিত হন রানি ও প্রিন্স ফিলিপ।
সর্বজন শ্রদ্ধেয় ক্যান্টারবেরি’র প্রধান ধর্মযাজক রেভারেন্ড জাস্টিন ওয়েলবি বলেন, এই মহোৎসব “প্রতিশ্রুতির ৬০ বছর” কে সম্মানিত করেছে।
রানির সঙ্গে ‘ডিউক অব এডিনবরা’ সহ তার পরিবারের ২০ জনেরও বেশি সদস্য ছিলেন এ সময়ে। রানির অভিষেকের বেশ কয়েকটি অনুষঙ্গ এই অনুষ্ঠানে প্রদর্শনের জন্য ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাখা হয়।
এর মধ্যে রয়েছে ভারী ,নিখাঁদ স্বর্ণের সেন্ট এডওয়ার্ড এর মুকুট, যেটি লন্ডন টাওয়ারের উচু বেদীতে প্রদর্শিত ছিলো। ১৯৫৩ সালের পর প্রথমবারের মতো এটিকে ওই স্থান থেকে সরিয়ে আনা হয়।
এর সঙ্গে আরো রয়েছে স্বর্ণের ঈগলাকৃতির বোতল “এ্যামপুলা”।রানির ব্যবহারের জন্য পবিত্র তেল ভরা হতো ওই বোতলে।
প্রাচীনতম ইংরেজ আসবাবপত্রের যেগুলো এখনো ব্যবহৃত হচেছ,সেগুলোর অন্যতম হচেছ “অভিষেক চেয়ার”। সেটিকেও প্রদর্শনীর জন্য রাখা হয়।
