আফ্রিকার জঙ্গিদের ধরতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা
উত্তর ও পশ্চিম আফ্রিকার জঙ্গিদের তথ্যের জন্য প্রথমবারের মতো পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আর এ ক্ষেত্রে বোকো হারাম নেতা আবুবাকার শিকাওয়ের তথ্যের জন্য সর্বোচ্চ ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়।
উত্তর নাইজেরিয়ায় ধারাবাহিকভাবে প্রাণঘাতী হামলা পরিচালনাকারী বোকো হারামের সহিংসতায় ২০০৯ সাল থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
পশ্চিম আফ্রিকার আল কায়েদা ইন ইসলামিক মাগরিব (একিউআইএম) ও দ্য মুভমেন্ট ফর ইউনিটি অ্যান্ড জিহাদের শীর্ষস্থানীয় নেতাদের বিষয়ে তথ্যের জন্য তুলনামূলক কম আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে।
শীর্ষ জঙ্গিনেতা মোক্তার বেলমোক্তারের তথ্যের জন্য ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেয়া হবে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণপূর্ব আলজেরিয়ায় একটি গ্যাস প্লান্টে হামলা চালিয়ে তিন মার্কিন নাগরিকসহ ৩৭ জনকে জিম্মি করেন বেলমোক্তার। পরবর্তী সময়ে তাদের হত্যা করা হয়।
উত্তর ও পশ্চিম আফ্রিকায় হামলা ও অপহরণের বিভিন্ন ঘটনার জন্য দায়ী একিউআইএ-এর জ্যেষ্ঠ নেতা ইয়াহিয়া আবু এল হাম্মামের জন্য ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এ ছাড়াও একিউআইএম এর সাংগনিক অবস্থান এবং এর নেতা মালিক আবু আবদেলকরিম ও মুজাও’র মুখপাত্র ওমার ওল্দ হামার তথ্যের জন্য ৩০ লাখ মার্কিন ডলার ঘোষণা করা হয়েছে।
