২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন খসড়া আইনে মিশরে মুক্ত সমাজের আশা ‘বিলীন’

রয়টার্স

.

রয়টার্স

Published : 31 May 2013, 07:09 AM

Updated : 23 Aug 2022, 10:53 AM

বেসরকারী সংগঠনগুলোর (এনজিও) তদারকিতে মিশর সরকার প্রস্তাবিত একটি আইনে দেশটিতে মুক্ত সমাজ প্রতিষ্ঠার আশা বিলীন হয়ে গেছে বলে মন্তব্য করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

আর আইনটিকে “মুক্ত সমাজের মূল চেতনার পরিপন্থি” বলে এর সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক সারাহ লেয়া এ কথা বলেন।

“বিপ্লবের পর স্বাধীন সংগঠনগুলো মুক্তভাবে ও স্বাধীনভাবে পরিচালিত হতে পারবে প্রস্তাবিত আইন সেই সব আশা বিলীন করে দিয়েছে,” বলেন সারাহ।

“মিশরের প্রস্তাবিত এনজিও আইনে সরকার যে সংগঠনগুলোর কার্যক্রমকে তাদের জন্য ঝামেলাপূর্ণ মনে করবে তাদের তহবিল কাটছাট ও কার্যক্রম বন্ধ করে দিতে পারবে,” বিবৃতিতে বলেন তিনি।

বুধবার প্রস্তাবিত আইনের খসড়াটি মিশরের মুসলিম ব্রাদারহুড নিয়ন্ত্রিত পার্লামেন্টে জমা দেওয়া হয়েছে।

প্রস্তাবিত আইনটির প্রশংসা করে মিশরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসি বলেছেন, মুবারক আমলের বদ্ধ নাগরিক সমাজ এ আইন প্রতিষ্ঠার মাধ্যমে মুক্ত হবে।

এর আগে এ বিষয়ে প্রস্তাবিত আর একটি খসড়া আইন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমালোচনার মুখে প্রত্যাহার করে নিয়েছিল মুরসি সরকার। ওই আইনের কয়েকটি ধারা সংশোধন করে এ সপ্তাহে আবার পার্লামেন্টে জমা দেওয়া হল।

নাগরিক সমাজের কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপ করায় আগের আইনটির কঠোর সমালোচনা করেছিল যুক্তরাষ্ট্র ও ইইউ।

প্রস্তাবিত নতুন আইনে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেলেও এতে মানবাধিকারের বিষয়েগুলো উপেক্ষা করা হয়েছে বলে হিউম্যান রাইটসের অভিযোগ।
২০১১ সালে সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের পতনের পর মিশরে একটি মুক্ত সামজ প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হয়েছিল।