২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইইউ

ইউরোপীয় ইউনিয়নের(ইইউ)পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, সিরিয়ার বিরোধীজোটের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শনিবার শেষ হওয়ার পর তা আর নবায়ন করা হবে না।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 10:13 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

তবে সিরিয়ার বিদ্রোহীদেরকে অস্ত্র পাঠানোর ব্যাপারে মন্ত্রীরা তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেননি এবং অন্যান্য সব নিষেধাজ্ঞাই বলবৎ থাকছে বলে জানিয়েছেন ইইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন আস্টোন।

সোমবারের সংবাদ সম্মেলনের যৌথ লিখিত বিবৃতি পড়ে শুনিয়ে তিনি বলেন, “ইইউ সদস্য রাষ্ট্রগুলো এ পর্যায়ে কোনো হাতিয়ার সরবরাহের পথে যাচ্ছে না।”

২০১১ সালের মে মাসে সিরিয়ায় প্রথম অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ।এ নিষেধাজ্ঞার আওতায় ছিল সিরিয়া সরকার এবং বিদ্রোহী দুপক্ষই।

৩১ মে এ নিষেধাজ্ঞার মেয়াদ শেষের পর অস্ত্র নিষেধাজ্ঞা আর নবায়ন না হলেও অন্যান্য নিষেধাজ্ঞা বহাল থাকবে।এগুলোর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট আসাদ ও তার সহযোগিদের সম্পদ বাজেয়াপ্ত রাখা, তেল ও বাণিজ্য নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক লেনদেনের ওপর নিষেধাজ্ঞা।

বিবিসি জানিয়েছে, সোমবার ব্রাসেলসে দীর্ঘ আলোচনার পর অস্ত্র নিষেধাজ্ঞার অবসান ঘটানোর ওই সিদ্ধান্ত হয়।ইইউ এর এ পদক্ষেপ সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক শান্তি সম্মেলনের সম্ভাবনা নস্যাৎ করবে বলে মন্তব্য করেছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে জেনেভায় আগামী মাসে সিরিয়া শান্তি আলোচনা অনুষ্ঠানের চেষ্টা চালিয়ে আসা মস্কো ইইউ এর এ সিদ্ধান্তে হতাশ।রাশিয়ার ইতার তাস বার্তা সংস্থা দেশটির উপপরাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকভের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে।

ওদিকে, সিরিয়ার বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের মুখপাত্র লুউয়ে সাফি ইইউ’র সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করেছেন।

তবে ইইউ অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়া সিরিয়ার বিরোধীপক্ষের জন্য সুসংবাদ হলেও রণক্ষেত্রে এর সুফল পেতে তাদেরকে যে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে তা ষ্পষ্ট।

ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা বিশেষ করে ব্রিটেন অবশ্য আশা করছে তাদের এ সিদ্ধান্তে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ একটি কড়া বার্তাই পাবেন; আর তা হচ্ছে তার ক্ষমতা হস্তান্তর করার সময় হয়ে এসেছে।

কিন্তু বিদ্রোহীদের বিরুদ্ধে মরনপণ লড়াইয়ে সংকল্পবদ্ধ সিরিয়া সরকারের সহজে ক্ষমতা ছাড়া সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।