বন্দুকধারীদের গুলিতে তিন লেবাননি সেনা নিহত
লেবাননের বেকা উপত্যকায় একটি সেনা তল্লাশি চৌকি লক্ষ্ করে বন্দুকধারীদের গুলিবর্ষণে তিন সেনা নিহত হয়েছে। হামলার পর বন্দুকধারীরা সিরিয়া সীমান্তের দিকে পালিয়ে যায়।
মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে লেবানন সামরিক বাহিনীর সূত্র জানিয়েছে।
হামলায় ঘটনাস্থলেই দুই সেনা নিহত হন ও অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। বেকা উপত্যকার আরসাল টাউনের কাছে এ ঘটনা ঘটে।
আরসালের সীমান্ত এলাকাটি সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদবিরোধী বিদ্রোহীরা লেবানন থেকে সিরিয়ায় অস্ত্র ও যোদ্ধা চোরাচালানের জন্য ব্যবহার করে। এই এলাকায় এর আগেও বন্দুকধারীদের সঙ্গে লেবাননি সেনাবাহিনীর সংঘাতে ঘটনা ঘটেছিলো।
ফেব্রুয়ারিতে এমনই এক সংঘাতে চার লেবাননি সেনা ও দুই বন্দুকধারী নিহত হয়েছিল।
আরসালের নিকটবর্তী কুসাইরে সিরীয় সেনা ও লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের সম্মিলিত আক্রমণে বিদ্রোহীরা শহরটি ছেড়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই লেবাননি সেনা হত্যার এই ঘটনা ঘটলো।
