২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসের বিরুদ্ধে ‘দীর্ঘ লড়াই’ থেকে সরছে যুক্তরাষ্ট্র

বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে ‘দীর্ঘ লড়াই’ থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়া বিদেশের মাটিতে প্রাণঘাতী চালক বিহীন বিমান (ড্রোন) হামলা কমানো ও আল কয়েদার বিরুদ্ধে চলা যুক্তরাষ্ট্রের লড়াই একদিন শেষ হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 24 May 2013, 06:56 AM

Updated : 23 Aug 2022, 10:49 AM

বৃহস্পতিবার ওয়াশিংটনে জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে ওবামা এসব কথা বলেন।

গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী এই বক্তব্যে ওবামা আল কায়েদা ও এর মিত্র গোষ্ঠীগুলোর ওপর লক্ষ্যস্থির করে হত্যা অভিযানের পরিসর ছোট করার ঘোষণা দেন। এছাড়া গুয়ানতানামো বে’র সামরিক কারাগার বন্ধে নতুন পদক্ষেপ গ্রহণ করার কথা জানান।

ভাষণে ওবামা বলেন, “সন্ত্রাসীরা এখনও আমাদের জাতিকে হুমকি দিচ্ছে, তবে এই হুমকি ৯/১১’র মতো হুমকি থেকে উদ্ভূত হলেও অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে।”

“সন্ত্রাসী সংগঠনগুলোকে ছত্রভঙ্গ করে দেয়ার পরিকল্পিত প্রচেষ্টা অব্যাহত থাকবে, তবে অন্যান্য সব যুদ্ধের মতো এই যুদ্ধও শেষ করতে হবে। ইতিহাস এই পরামর্শই দেয়, আমাদের গণতন্ত্রও এই দাবি করে” -বলেন ওবামা।

৯/১১’র পর আফগানিস্তান ও ইরাকে ব্যয়বহুল যুদ্ধ শুরু করার পর যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ থেকে থেকে সরে আসতে চাইছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই হোয়াইট হাউসের শীর্ষ বিবেচনাগুলোর মধ্যে থাকলেও জরিপগুলো বলছে, যুক্তরাষ্ট্রের নাগরিকরা এসব থেকে দেশের অর্থনীতি ও স্বাস্থ্যসেবা নিয়েই বেশি উদ্বিগ্ন।

ড্রোন হামলায় বেসামরিক লোকজন মারা যাওয়ায় দেশে-বিদেশে সমালোচনার মুখে পড়া ওবামা ড্রোন হামলার লাগাম টেনে ধরার কথা বলেছেন। তিনি ঘোষণা করেছেন, শুধু “আসন্ন” হুমকির মোকাবিলায় ড্রোন ব্যবহার করা হবে।

এই ঘোষণা সন্ত্রাসীদের হুমকি মোকাবিলায় ধারাবাহিকভাবে ড্রোন ব্যবহার করে যাওয়ার আগের ঘোষিত নীতি থেকে সরে আসার ইঙ্গিত।

এসব বিষয়ে বুধবার ওবামার সই করা নতুন নির্দেশনা অনুযায়ী, ড্রোন অভিযান সিআইএ’র পরিবর্তে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) অধীনে পরিচালিত হবে।

তবে পাকিস্তানে চালানো ড্রোন অভিযানের কর্তৃত্ব বর্তমানের মতো সিআইএ’র হাতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ওবামার এই ভাষণকে “সন্ত্রাসীরা তাদের বিজয় হিসেবে দেখবে” বলে সমালোচনা করেছে বিরোধী রিপালিকানরা।