২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের বাকুবায় বোমা হামলায় নিহত ৪৩

ইরাকের রাজধানী বাগদাদের ৫০ কিলোমিটার উত্তরপূর্বে বাকুবায় একটি সুন্নি মুসলিম মসজিদের বাইরে শুক্রবার জুমার নামাজের পর দুই দফা বোমা বিস্ফোরণে অন্তত ৪৩ জন নিহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2013, 01:35 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

পুলিশ ও চিকিৎসাকর্মীরা জানান, শুক্রবার নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বেরোনোর পথে বোমা হামলা হয়।

ইরাকজুড়ে শিয়া এলাকাগুলোতে প্রাণঘাতী হামলার দুইদিন পর এ হামলা হল।

পুলিশ জানায়, বাকুবা শহরের ওই মসজিদের বাইরে প্রথম বিস্ফোরণটি ঘটে। এতে হতাহতদের উদ্ধারে অন্যরা এগিয়ে আসলে ভিড়ের মধ্যে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।

হাশিম মুনজিজ নামের এক কলেজ ছাত্র রয়টার্সকে বলেন, “ প্রথম বিস্ফোরণটি থেকে আমি ছিলাম প্রায় ৩০ মিটার দূরে। আমি বোমায় আক্রন্তদেরকে সাহায্য করতে এগিয়ে গেলাম আর তখনই দ্বিতীয় বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে মানুষের দেহগুলো উড়ে গেলো, রক্ত এসে আমার শরীরে পড়ল”।

ইরাকে সম্প্রতি সুন্নি, শিয়া মসজিদগুলোর পাশাপাশি নিরাপত্তা বাহিনী এবং আদিবাসী নেতাদের ওপর হামলা বেড়ে গেছে।

নিরাপত্তা বাহিনী একমাস আগে কিরকুকের কাছে একটি সুন্নি বিক্ষোভ শিবিরে তল্লাশি অভিযান শুরু করার পর থেকে বোমা হামলা বেড়েছে।তাছাড়া, প্রতিবেশী দেশ সিরিয়ার গৃহযুদ্ধের প্রভাবেও অশান্ত হয়ে উঠছে ইরাক পরিস্থিতি।

২০১১ সালের শেষ দিকে ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চলে যাওয়ার পর দেশটিতে সাম্প্রদায়িক সংঘাত মাথাচাড়া দিয়ে ওঠে।কোনো গোষ্ঠী শুক্রবারের হামলার দায় স্বীকার করেনি।

তবে ইরাকের উগ্রপন্থি সুন্নি গ্রুপগুলো ও আল কায়েদার ইরাক শাখা এবছরের শুরু থেকে এ ধরনের হামলা চালিয়ে আসছে।দেশের শাসন ক্ষমতা নিয়ে শিয়া ও সুন্নি মুসলিম সম্প্রদায়ের মধ্যেও চরম বিরোধ রয়েছে।

বৃহস্পতিবার কিরকুক শহরের একটি শিয়া মসজিদে বোমা হামলায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। ওইদিন ইরাক জুড়ে তিনটি গাড়িবোম বিস্ফোরণে আরো ১৪ মানুষ মারা যায়।