২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় খনি ধসে আটকদের উদ্ধারে অভিযান চলছে

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি সোনা ও তামা খনিতে ধস নামার ঘটনায় উদ্ধার অভিযান চলছে। ইতোমধ্যে দুর্ঘটনাকবলিত ফ্রিপোর্টস গ্রাসাবার্গ খনি থেকে চারটি মৃতদেহ ও ১০জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিউজ ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 08:40 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

ধারণা করা হচ্ছে খনির অভ্যন্তরে ২০ জনেরও বেশি শ্রমিক আটকা পড়েছে। মঙ্গলবার খনিটির সুরঙ্গে ধস নামলে এই হতাহত ও আটকা পড়ার ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে ফ্রিপোর্ট বলেছে, ‘উদ্ধার প্রক্রিয়াটি বেশ জটিল এবং এই অভিযান সম্পন্ন করতে বেশকিছু সময় প্রয়োজন।’

ফ্রিপোর্টস ইন্দোনেশিয়া সাবসিডিয়ারি জানিয়েছে, খনিটির সুরঙ্গটি ধসে পড়ার সময় ৪০ জন শ্রমিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করছিল।

ধসের পরপরই তিনজন শ্রমিক খনি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু উদ্ধার হওয়া ১০ শ্রমিকের অবস্থা কি তা জানা সম্ভব হয়নি।

এই উদ্ধার অভিযান ফ্রিপোর্ট পরিচালনা করছে বলে পুলিশের একজন মুখপাত্র জেরেমিয়াস রনটিনি স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছে।

ওই মুখপাত্র বলেন, পরিস্থিতি অনিশ্চিত। কারণ ভূমির অবস্থা ভঙ্গুর এবং অব্যাহতভাবে পাথর পড়ছে।

গ্রেসবার্গ নামক এই খনিতে কাজ করেন ২৪ হাজার মানুষ।
কিন্তু এই দুর্ঘটনার খবর যাচাই ও বিস্তারিত সংবাদ সংগ্রহ বেশ কঠিন। কারণ পাপুয়ায় বিদেশি সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

ইন্দেোনেশিয়া বলছে, বিদেশি সংবাদমাধ্যমের জন্য এই প্রদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু মানবাধিকার গোষ্ঠীগুলো দাবি করছে, গোলযোগপূর্ণ প্রদেশটিকে পর্যবেক্ষকদের থেকে আড়াল করার জন্যে এটি জাকার্তার একটি কৌশল।

১৯৬৯ সালে এক বিতর্কিত নির্বাচনের মধ্যদিয়ে পাপুয়া ইন্দোনেশিয়ার মূল ভূখন্ডের অন্তর্ভুক্ত হয়। ওই নির্বাচনকে পাপুয়ার অনেক নাগরিক ‘লজ্জা’ বলে অভিহিত করে থাকেন।