বারলুসকোনির জন্য ৬ বছরের জেল দাবি
অপরিণত বয়সী এক নারীর সঙ্গে অর্থের বিনিময়ে যৌনকর্ম এবং ক্ষমতার অপব্যবহারের অপরাধে ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির জন্য ৬ বছরের জেল দাবি করেছেন মিলান শহরের সরকারি আইনজীবীরা।
সোমবার আদালতের শুনানিতে তারা বার্লুসকোনির যে কোনো সরকারি পদ গ্রহণের ওপর আজীবন নিষেধাজ্ঞা আরোপেরও দাবি জানান।
অভিযোগে বলা হয়, বারলুসকোনি ২০১০ সালে মিলানের কাছে আরকোর শহরের নিজ বাসভবনে যৌনকর্মের বিনিময়ে রুবি নামের অপরিণত বয়সের(১৭ বছর বয়সী) এক নারীকে অর্থ দিয়েছেন।
এছাড়া ক্ষমতার অপব্যবহারও করেছেন তিনি। একবার এক চুরির মামলায় ওই নারী পুলিশের হাতে ধরা পড়ার পর বার্লুসকোনি প্রধানমন্ত্রী হিসেবে নিজের ক্ষমতার অপব্যবহার করে রুবিকে জেলখানা থেকে মুক্তি দেয়ার নির্দেশও দিয়েছিলেন।
মিলানের সরকারি কৌঁসুলিরা ক্ষমতার অপব্যবহারের জন্য বারলুসকোনির পাঁচ বছরের জেল এবং বাকি এক বছরের জেল চেয়েছেন অবৈধ কর্ম করার জন্য।
