যুক্তরাষ্ট্রে ‘বিশ্ব মা’ দিবসের মিছিলে গুলি, আহত ১৯
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে রোববার ‘বিশ্ব মা’ দিবস উপলক্ষ্যে আয়োজিত প্যারেডে গুলিবর্ষণে দুটি শিশুসহ ১৯ জন আহত হয়েছেন।
গুলিবর্ষণের সঙ্গে জড়িত সন্দেহভাজনকে তিন ব্যক্তির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের মুখপাত্র গ্যারি ফ্লোট জানান, মিছিলটি উত্তর ভ্যালেরি সড়ক দিয়ে যাওয়ার সময় দুপুর পৌনে দুইটার দিকে মিছিলটি লক্ষ্ করে বেপরোয়া গুলিবর্ষণ করা হয়। এতে ১০ জন পুরুষ, সাতজন নারী, ১০ বছরের এক বালক ও একই বয়সী এক বালিকা আহত হন।
তবে হতাহতরা মিছিলে অংশগ্রহণকারী নাকি রাস্তার পাশে জড়ো হওয়া দর্শনার্থী সে বিষয়ে পরিষ্কার কিছু জানা যায়নি।
আহতদের মধ্যে দুজনের অস্ত্রোপচারের প্রয়োজন হলেও শিশুদুটিসহ বাকিরা সুস্থ আছেন বলে জানিয়েছেন ফ্লোট।
পুলিশ কর্মকর্তা রোনাল্ড সেরপাস জানিয়েছেন, গুলিবর্ষণকারীদের দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন পুলিশ কর্মকর্তারা, এদের একজনের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে।
মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাটি ঘটে যায় এবং হামলার উদ্দেশ্য পরিষ্কার নয় বলে জানিয়েছেন তিনি।
