২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার জবাব দেয়ার হুঁশিয়ারি তুরস্কের

সিরিয়ার সীমান্তবর্তী তুর্কি শহর রেইহানলিতে দু’টি গাড়ি বোমা হামলার পর নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 12:31 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতগলু হামলার পেছনে জড়িতদের পাকড়াও করার অঙ্গীকার করে বলেছেন, কোনোকিছুই জবাব না দিয়ে ছেড়ে দেয়া হবে না।

সিরিয়ার শরণার্থী এলাকা রেইনহালিতে বোমা হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে।

নেটো সদস্যদেশ তুরস্ক বলেছে, এ হামলায় সিরিয়ার গোয়েন্দা সংস্থা জড়িত বলে তারা সন্দিহান।

সিরিয়ার গৃহযুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের শক্তিশালী সমর্থক তুরস্ক।দেশটি প্রেসিডেন্ট বাশার আল আসাদেরও সমালোচক।

যুক্তরাষ্ট্র এবং নেটো জোট বোমা হামলার নিন্দা জানিয়ে আঙ্কারাকে সমর্থন দিয়েছে।

বার্লিন সফরকালে এক বক্তব্যে দাভুতগলু বলেন, এটি সিরিয়া সঙ্কট সমাধানের চেষ্টা জোরদার হতে থাকার সঙ্গে যুগপৎ কোনো ঘটনা নয়।এ ঘটনার পেছনে তুরস্কের শান্তি বিঘ্নিত করার অপচেষ্টাকারীরা জড়িত থাকতে পারে।কিন্তু আমরা তা হতে দেব না।

তুরস্কের ক্ষমতাকে পরীক্ষা করে দেখার চেষ্টা কারোরই করা উচিত না।আমাদের নিরাপত্তা বাহিনী সব প্রয়োজনীয় পদক্ষেপই নেবে।

তবে বিষয়টি নিয়ে নেটো জোটের জরুরি বৈঠক ডাকার কোনো কারণ নেই বলে জানান তিনি।